দক্ষিণ ইউরোপজুড়ে চলমান ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় গ্রিসে তিনজন দমকলকর্মী নিহত হয়েছেন। তীব্র তাপপ্রবাহ, খরা এবং প্রচণ্ড বাতাসের কারণে এই অঞ্চলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে এবং পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ রূপ ধারণ করেছে।

গ্রিসের ক্রিট দ্বীপে আগুন নেভানোর সময় দুজন দমকলকর্মী নিহত হন। তারা রেথিমনো অঞ্চলের ক্রায়া ভ্রিসি গ্রামের কাছে একটি গাড়িতে করে দুই আগুনের ফ্রন্টের মাঝখান দিয়ে যাওয়ার সময় শিখার মধ্যে আটকা পড়েন।

একই দিনে গ্রিসের দক্ষিণ পেলোপোনেস অঞ্চলের গাইথিও বন্দর শহরের কাছে একটি পৃথক আগুন নিয়ন্ত্রণের পর তৃতীয় আরেকজন দমকলকর্মী অচেতন অবস্থায় উদ্ধার হন এবং পরে তাকে মৃত ঘোষণা করা হয়।

ক্রিট দ্বীপের আগুন নিয়ন্ত্রণে ১৫০ জনেরও বেশি দমকলকর্মী, ৪টি হেলিকপ্টার এবং ৪টি পানি ছিটানো বিমান মোতায়েন করা হয়েছে। তীব্র বাতাসের কারণে আগুন প্রায় ১৫ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে।

তীব্র বাতাসের কারণে আগুন লোকালয়ে চলে আসায় ক্রিট দ্বীপের ক্রায়া ভ্রিসি ও আগিয়া গালিনিসহ বেশ কয়েকটি পর্যটন এলাকা ও গ্রাম থেকে হাজার হাজার পর্যটক ও বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

শুধু গ্রিসই নয়, দক্ষিণ ও পশ্চিম ইউরোপের ফ্রান্স এবং স্পেনেও একই সময়ে রেকর্ড তাপমাত্রা ও তীব্র বাতাসের কারণে ভয়াবহ দাবানল জ্বলছে। ফ্রান্সে প্যারিসের চারগুণ বড় এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে এবং স্পেন ও ফ্রান্সে এ পর্যন্ত প্রায় ৩ লাখ ৩০ হাজার মানুষকে ঘরবাড়ি ছাড়তে হয়েছে।

এই সংকট মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়ন (EU) আক্রান্ত দেশগুলোতে অতিরিক্ত বিমান, হেলিকপ্টার ও উদ্ধারকর্মী পাঠিয়ে জরুরি সহায়তা দিচ্ছে।ইউরোপীয় ইউনিয়নের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সতর্ক করেছে যে, চরম গরম ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে আগামী সপ্তাহগুলোতে গ্রিস ও ইতালিতে দাবানলের ঝুঁকি আরও বাড়তে পারে।