ভারতের তামিলনাড়ু রাজ্যে উপাসনালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের কাছাকাছি থাকা ৭১৭টি সরকারি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়। মঙ্গলবার (১২ মে) প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। খবর এনডিটিভির।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি মালিকানাধীন তামিলনাড়ু স্টেট মার্কেটিং করপোরেশন লিমিটেড (টাসম্যাক)-এর আওতাধীন এসব দোকান আগামী দুই সপ্তাহের মধ্যে বন্ধ করতে হবে।
সরকারি এক সমীক্ষায় দেখা গেছে, রাজ্যের মোট ৪ হাজার ৭৬৫টি টাসম্যাক দোকানের মধ্যে ৭১৭টি সংবেদনশীল জনসমাগম এলাকার ৫০০ মিটারের মধ্যে অবস্থিত। এর মধ্যে ২৭৬টি দোকান উপাসনালয়ের পাশে, ১৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে এবং ২৫৫টি বাসস্ট্যান্ডের আশপাশে রয়েছে।
জনস্বার্থ ও সামাজিক পরিবেশ বিবেচনায় এসব দোকান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকার। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত কার্যকর করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের পর ক্ষমতায় আসা তামিলগা ভেট্ট্রি কাজাগম (টিভিকে) সরকারের এটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়, তামিলনাড়ুর ৪ হাজার ৭৬৫টি টাসম্যাক দোকানের ওপর একটি সমীক্ষা চালানো হয়। সেখানে দেখা যায়, ৭১৭টি দোকান সংবেদনশীল জনসমাগম এলাকাগুলোর খুব কাছাকাছি অবস্থিত। এর মধ্যে ২৭৬টি উপাসনালয়ের কাছে, ১৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে এবং ২৫৫টি বাসস্ট্যান্ডের আশপাশে রয়েছে।
জনস্বার্থের কথা বিবেচনা করে এসব দোকান দুই সপ্তাহের মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও নির্দেশ দিয়েছে সরকার।