ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দেওয়ার পর বৈশ্বিক বাজারে বড় ধরনের প্রভাব পড়েছে। বিশেষ করে তেলের দাম কমে যাওয়ায় মূল্যস্ফীতি ও দীর্ঘ সময় উচ্চ সুদের হার বজায় থাকার আশঙ্কা কিছুটা কমে এসেছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবার ঊর্ধ্বমুখী হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৭৫৪.৮৯ ডলারে পৌঁছেছে। একই সময়ে জুন ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচার ১.১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৭২.৬০ ডলারে। খবর জানিয়েছে রয়টার্স।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, শান্তি আলোচনার সুযোগ তৈরি করতে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্ট সময়ের জন্য বাড়ানো হবে। নির্ধারিত সময় শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগেই তিনি এই সিদ্ধান্ত জানান।
তবে এই পদক্ষেপকে একতরফা হিসেবে দেখা হচ্ছে। ইরান কিংবা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরাইল এই বর্ধিত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। এর আগে প্রায় দুই সপ্তাহ ধরে এই যুদ্ধবিরতি কার্যকর ছিল।
যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণার পর শেয়ারবাজারে ঊর্ধ্বগতি দেখা গেছে। ডলারের মান কিছুটা কমেছে এবং তেলের দাম নেমে গেছে।
বিশেষজ্ঞরা বলছেন, তেলের দাম বাড়লে পরিবহন ও উৎপাদন খরচ বাড়ে, যা মূল্যস্ফীতি বাড়াতে পারে। যদিও স্বর্ণকে সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে দেখা হয়, উচ্চ সুদের হার বিনিয়োগকারীদের সুদবাহী সম্পদের দিকে আকৃষ্ট করে, ফলে স্বর্ণের চাহিদা কমে যেতে পারে।
এক নোটে ব্রিটিশ বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড চার্টার্ড জানিয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতির খবর এবং বাজারে তারল্য পরিস্থিতির ওপর স্বর্ণের দামের ওঠানামা নির্ভর করছে। তারা সতর্ক করে বলেছে, সাম্প্রতিক মূল্যবৃদ্ধি নাজুক এবং স্বল্পমেয়াদে সংশোধনের ঝুঁকি রয়েছে, তবে দীর্ঘমেয়াদে মূল্যবান ধাতুর দাম পুনরুদ্ধার হতে পারে এবং স্বর্ণ আবারও রেকর্ড উচ্চতায় পৌঁছাতে পারে।
এদিকে মার্কিন ফেডারেল রিজার্ভের প্রধান হিসেবে মনোনীত কেভিন ওয়ার্শ মঙ্গলবার জানিয়েছেন, সুদের হার কমানোর বিষয়ে তিনি ট্রাম্পকে কোনো প্রতিশ্রুতি দেননি। সিনেটের অনুমোদন প্রক্রিয়ার সময় তিনি বলেন, হোয়াইট হাউসের প্রভাবমুক্ত থেকে তিনি স্বাধীনভাবে কাজ করবেন এবং কেন্দ্রীয় ব্যাংকের সংস্কার এগিয়ে নেবেন।
স্বর্ণের সঙ্গে অন্য মূল্যবান ধাতুরও দাম বেড়েছে। স্পট রুপার দাম ১.৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৭.৯৭ ডলার হয়েছে, প্লাটিনাম ১.৭ শতাংশ বেড়ে ২,০৭০.৩৭ ডলার এবং প্যালাডিয়াম ১.৯ শতাংশ বেড়ে ১,৫৬১.৭২ ডলারে পৌঁছেছে।