চুয়াডাঙ্গা সংবাদদাতা

পশ্চিমবঙ্গে ভোটের কারণে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তিনদিন পাসপোর্টধারী যাত্রী যাতায়াত বন্ধ থাকবে বলে জানিয়েছেন ভারতের নদীয়া জেলা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ও ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার।

তথ্যটি নিশ্চিত করে দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ এসআই তুহিন জানান, ভারতের নদীয়া জেলায় বিধানসভা নির্বাচনের কারণে তিনদিন পাসপোর্টধারী যাত্রী যাতায়াত বন্ধ থাকবে দর্শনা-গেদে চেকপোস্ট দিয়ে।

তবে যে সমস্ত ভারতীয় নাগরিক বাংলাদেশে আছেন তারা ফিরতে পারবেন। রোববার সকালে এ আদেশ জারী হলেও সোমবার (২৭ এপ্রিল) সকালে এ অফিস আদেশটি পাওয়া যায়।

তিনি আরো জানান, আগামী ২৯ এপ্রিল ভারতের নদীয়া জেলায় বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টে দিয়ে সোমবার সকাল ৯ টা ২০ মিনিট হতে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনা জয়নগর কাস্টমস ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত বন্ধ রাখার আদেশ দিয়েছে ভারত সরকার। আগামী বৃহস্পতিবার থেকে পূর্বের ন্যায় কার্যক্রম চলবে।