চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের আজিমপুর গ্রামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে আয়োজিত এ বৈঠকে কৃষকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি শাহজাহান চৌধুরী বলেন, ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে—এই বিশ্বাস থেকেই সরকার কৃষকদের উন্নয়নে কাজ করছে। মাঠপর্যায়ে কৃষকদের যেসব সমস্যা রয়েছে, সেগুলো দ্রুত সমাধানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’ তিনি বলেন, কৃষি খাতকে আরও আধুনিক ও লাভজনক করতে হলে প্রযুক্তিনির্ভর চাষাবাদ বাড়াতে হবে এবং কৃষকদের প্রশিক্ষণের আওতায় আনতে হবে।
তিনি আরও বলেন, ‘সারের সঠিক প্রাপ্যতা, সেচ সুবিধা বৃদ্ধি, ফসলের রোগবালাই প্রতিরোধ এবং উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে। কৃষক যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়েও নজরদারি বাড়ানো হবে।’
এমপি শাহজাহান চৌধুরী বলেন, “সরকার কৃষকদের জন্য বিভিন্ন প্রণোদনা, ভর্তুকি ও সহায়তা কার্যক্রম চালু রেখেছে। এসব সুবিধা যেন প্রকৃত কৃষকের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হতে হবে।” তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা আধুনিক পদ্ধতিতে চাষাবাদে এগিয়ে আসুন, আমরা সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।’
তিনি উপস্থিত কৃষকদের কাছ থেকে সরাসরি বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন। একই সঙ্গে কৃষকদের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, ‘কৃষি খাত শক্তিশালী হলে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে।’
সভায় সভাপতিত্ব করেন সাতকানিয়া উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান। উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আইয়ুবের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছদাহা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা নেজাম উদ্দিন, সাতকানিয়া প্রেসক্লাবের সভাপতি শহীদুল ইসলাম বাবরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উঠান বৈঠকে কৃষি বিভাগের পক্ষ থেকে আধুনিক চাষাবাদ পদ্ধতি, উন্নত বীজ ব্যবহার, ফসলের রোগবালাই দমন এবং উৎপাদন বৃদ্ধির নানা কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে অংশ নেওয়া কৃষকরা তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন এবং প্রয়োজনীয় সহায়তা পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।