জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য জোট। গতকাল শনিবার বিকেল সোয়া ৫টার দিকে এ সমাবেশ কর্মসূচির আয়োজন করা হয়। জেলা জামায়াতে ইসলামীর আমির আবু জার গিফারীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের আমীর মোঃ নুরুল ইসলাম বুলবুল। নুরুল ইসলাম বুলবুল বলেন, দুর্নীতিমুক্ত মানবিক দেশ গড়তে জনগণ দু’টি রায় দিয়েছে, বিএনপি একটি মানতে চায়, আরেকটি মানতে চায় না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, জনগণ নাকি না বুঝে গণভোটে রায় দিয়েছেন। তাহলে জিয়াউর রহমানের আদর্শ ও কর্মসূচির সাথে হ্যাঁ ভোট না বুঝে দিয়েছিল। আমরা কথনই উপলব্ধি করেছি, কেন আপনারা একই দিন গণভোট চেয়েছিলেন। আজ জাতির সামনে তা প্রকাশ পেয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন তোরা রাজাকার, আমরা হুশিয়ার করে দিতে চাই, আওয়ামী লীগের পদাঙ্ক গ্রহণ করে কোন রাজনীতি এদেশের তরুণ সমাজ আর করতে দিবে না। তিনি আরো বলেন, দেশকে বিভক্ত করার রাজনীতি আর এদেশে চলবে না। মানুষের অধিকার ও প্রকৃত গণতন্ত্র অর্জিত না হওয়া আন্দোলন চালিয়ে যাবো ইনাআশাল্লাহ। বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের (শিবগঞ্জ) সংসদ সদস্য ও রাজশাহী মহানগরী জামায়াতের আমীর ডঃ মোঃ কেরামত আলী। জেলা জামায়াতের সেক্রেটারী আবু বকরের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর রাজশাহী জোন পরিচালক অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম, সাবেক এমপি অধ্যাপক মোহাঃ লতিফুর রহমান, জেলা জামায়াতের নায়েবে আমীর ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোঃ মোখলেসুর রহমান, সদর উপজেলার আমীর হাফেজ আব্দুল আলীম, পৌর নায়েবে আমীর এ্যাড. শফিক এনায়েতুল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি ইউসুফ আল গালিব প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় কার্যকর না হওয়া গণতন্ত্রের জন্য হতাশাজনক। দ্রুত সময়ের মধ্যে এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানান তারা। তারা আরও বলেন, দাবি বাস্তবায়ন না হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। সমাবেশ শেষে গণমিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শান্তি মোড়ে গিয়ে শেষ হয়।