বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, দেশের যুব সমাজকে ইসলামী মূল্যবোধের আলোকে গড়ে তুলতে হবে। তিনি বলেন, মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে যুব সমাজকে রক্ষা করতে সচেতন ও দায়িত্বশীল যুব নেতৃত্ব গড়ে তোলা জরুরি।

গতকাল শনিবার বিকেলে রাজশাহী মহানগরীর একটি কনভেনশন সেন্টারে জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে যুব ইউনিট দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের রাজশাহী মহানগরী নায়েবে আমির এ্যাডভকেট আবু মোহাম্মদ সেলিম, সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল এবং সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকার। মহানগরী জামায়াতের যুব সেক্রেটারি সালাহ উদ্দিন আহমেদ এতে সভাপতিত্ব করেন এবং মতিহার থানা যুব বিভাগের সভাপতি আফজাল হোসেন সঞ্চালনা করেন। শুরুতে ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা রুহুল আমিন দারস পেশ করেন। প্রধান অতিথির বক্তব্যে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দেশের অধিকাংশ যুব সমাজের কাছে ইসলামের সুমহান দাওয়াত পৌঁছে দিতে হবে। দেশ রক্ষা ও সমাজ গঠনে যুবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে যুব সমাজকে রক্ষা করতে সচেতন ও দায়িত্বশীল যুব নেতৃত্ব গড়ে তোলা জরুরি। তিনি আরো বলেন, নৈতিকতা ও ইসলামী আদর্শে উজ্জীবিত যুবকরাই দেশ ও জাতির ভবিষ্যৎ নেতৃত্ব দেবে। এজন্য যুব সমাজকে সংগঠিত হয়ে মানবিক, নৈতিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান তিনি। সমাবেশে মহানগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের যুব ইউনিটের দায়িত্বশীল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।