রংপুর অফিস, তারাগঞ্জ সংবাদদাতা : রংপুর-২ বদরগঞ্জ-তারাগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভাপতি এটিএম আজহারুল ইসলাম রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় উন্নীত ও স্বস্থ্য সেবা কর্যক্রমের উদ্বোধন করেছেন। এটিএম আজহারুল ইসলাম এমপি গতকাল বৃহস্পতিবার সকালে রংপুর-২ বদরগঞ্জ-তারাগঞ্জ নির্বাচনী এলাকার তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করেন ও বর্ধিত শয্যায় স্ব^াস্থ্য সেবা কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, সঠিক ভাবে স্বাস্থ্যসেবা পাওয়া প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। এই উপজেলার প্রতিটি মানুষ যেন উন্নত ও মান সম্মত চিকিৎসাসেবা পায় সে বিষয়টি নিশ্চিত করতে কর্তব্যরত চিকিৎসক, নার্স সহ সকলকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। এ লক্ষ্যেই তারাগঞ্জ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করেন ও বর্ধিত শয্যায় স্বাস্থ্য সেবা কার্যক্রমের আজ যাত্রা শুরু হয়েছে। বর্তমান সম্প্রসারিত স্বাস্থ্য সেবা কার্যক্রমের ফলে তারাগঞ্জের মানুষ আরও উন্নত এবং বর্ধিত পরিসরে স্বাস্থ্য সেবার সুযোগ পাবেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোনাব্বর হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার হামদুল্লাহ, সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এস এম আলমগীর হোসেন, উপজেলা সেক্রেটারি মাওলানা ইয়াকুব আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদি হাসান শিপু, এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
এটিএম আজহারুল ইসলাম এমপি গতকাল দুপুরে তারাগঞ্জ উপজেলার কুর্শ ইউনিয়নের অনন্তপুর গ্রামের নিহত ইলেকট্রিশিয়ান মঞ্জুরুল এর অসহায় পরিবারের জন্য মানবিক সহায়তা প্রদান করেন। এর অংশ হিসেবে তিনি নিহতের স্ত্রীকে একটি সেলাই মেশিন প্রদান করেন। একই সাথে তিনি নিহতের ইয়াতিম দুই সন্তানের লেখাপড়ার দায়িত্ব গ্রহণের আশ্বাষ দেন। ইলেকট্রিশিয়ান মঞ্জুরুল গত ২৪ শে ফেব্রুয়ারি র্দুবৃত্তদের হাতে নিহত হন। মঞ্জুরুলের নিহতের পর তাঁর অসহায় পরিবারের খোঁজ নিতে গিয়ে এটিএম আজহারুল ইসলাম এমপি তাঁদের সহায়তার আশ্বাস দিয়েছিলেন। এসময় স্থানীয় এবং উপজেলা জামায়াত নেতৃবৃন্দ তাঁর সাথে ছিলেন। তিনি এর আগে তারাগঞ্জ উপজেলা ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক ও কেয়ারটেকারদের মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।