স্টাফ রিপোর্টার

দেশ আমাদের সবার; তাই সরকার, বিরোধীদলসহ ১৮ কোটি জনগণকে ঐক্যবদ্ধ করেই দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

গতকাল বুধবার ঢাকা-১৫ আসনে নানামুখী সমস্যা নিরসনে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘প্রধানমন্ত্রী নির্দিষ্ট কোন দল বা আসনের নন ববং তিনি সারাদেশের তথা ৩শ আসনের প্রধানমন্ত্রী। তাই আমি আমার আসনের উন্নয়নের দায়িত্ব তার হাতেই অর্পন করেছি। তিনি সংসদের অভিভাবক হিসাবে তা গ্রহণ করেছেন এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে বিষয়টি দেখভাল করার দায়িত্ব দিয়েছেন। আর প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ীই আমরা ঢাকা-১৫ আসনের বিভিন্ন এলাকা পরিদর্শন করে সমস্যাগুলো চিহ্নিত করার চেষ্টা করেছি। আমরা স্বল্প সময়ের মধ্যেই এসব সমস্যা সধানের চেষ্টা করবো-ইনশাআল্লাহ। তিনি সরকারের উন্নয়ন কাজে স্থানীয় জনগণকে সর্বাত্মক সহযোগিতা করার আহবান জানান।

তিনি বলেন, ঢাকা-১৫ আসন নানাবিধ সমস্যায় জর্জরিত। মাত্রাতিরিক্ত খানা-খন্দক, ভঙ্গুর রাস্তা ও রাস্তার মাঝখানে লাইট পোষ্ট থাকার কারণে জনজীবন বিপর্যস্ত। সর্বোপরি এ আসনে পানির সমস্যা প্রকট। জলবদ্ধতা, পানিতে দুর্গন্ধ, গ্যাসের সমস্যা, কিশোর গ্যাং ও রাস্তায় রাস্তায় জটলা এখানকার উল্লেখযোগ্য সমস্যা। প্রধানমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ডিএনসিসির প্রশাসক সহ আমরা সমস্যা সমস্যা সমাধানে বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণ করার চেষ্টা করছি। তিনি এ মহতি উদ্যোগ গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, মাননীয় বিরোধীদলীয় নেতার আহ্বানে সাড়া দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা-১৫ আসনের সমস্যা সমাধানের জন্য আমাকে দায়িত্ব দিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে এমন নজীর বা দৃষ্টান্ত নেই। এটিই আমাদের ভবিষ্যৎ সম্ভবনা ও পরিবর্তন। মাননীয় বিরোধীদলীয় নেতা এমন এক ব্যক্তিত্ব তিনি মুহূর্তের মধ্যেই সংসদের পরিবেশের ভারসাম্য আনতে সক্ষম হোন।

তিনি জনগণকে ধৈর্যধারণের আহবান জানিয়ে বলেন, পর্যায়ক্রমেই সকল সমস্যার সমাধান করা হবে। রাতারাতিই কোন কিছু করা সম্ভব নয়। তিনি পরিবর্তনের ধারায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

শফিকুর রহমান মিল্টন বলেন, দেশ কোন বিশেষ গোষ্ঠী বা দলের নয় বরং সবার। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়েই সকল সমস্যার সমাধানে কাজ করে যেতে হবে। তিনি ঢাকা-১৫ আসনে উন্নয়নে বিশেষ দৃষ্টি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

ঢাকা ১৫ আসনে ৪ টি ওয়ার্ডে ক্রমান্বয়ে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমীর ডা. শফিকুর রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা সিটি উত্তরের প্রশাসক শফিকুর রহমান মিল্টন পরিদর্শন করার পর সংকট নিরসনে একই মঞ্চে মতবিনিময়ে অংশ নেন। তারা ঢাকা ১৫ আসনের ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সংলগ্ন রাস্তা (১৬ নং ওয়ার্ড ), পশ্চিম শেওড়াপাড়া ৩ নং গলি (১৪ নং ওয়ার্ড), পুর্ব মনিপুর বাইতুর রহিম জামে মসজিদ সংলগ্ন রাস্তা (১৩ নং ওয়ার্ড), বাইশটেকি সরকার বাড়ি (৪নং ওয়ার্ড) নানা জনসমস্যার দিক সরজমিনে পরিদর্শন করেন। এ সময় স্থানীয় জনগণ তাদের সমস্যার কথা তুলে ধরেন। তারা এসব সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আমিনুল ইসলাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন-উল-হাসান, কাফরুল থানার অফিসার-ইন-চার্জ সাজ্জাদ হোসেন, মিরপুর থানা জামায়াতের আমীর ও কাফরুল থানা আমীর, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহানগর উত্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।