৭ মে (বৃহস্পতিবার) জাপানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।

পরিদর্শনকালে বিরোধীদলীয় নেতা পার্লামেন্টের উচ্চকক্ষ, নিম্নকক্ষ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কক্ষ ঘুরে দেখেন। এ সময় জাপানের পার্লামেন্টের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমীরে জামায়াতকে গাইড করেন এবং পার্লামেন্টের কার্যক্রম, ইতিহাস ও আইন প্রণয়ন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।

সফরকালে আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি।

পরিদর্শন শেষে বিরোধীদলীয় নেতা জাপানের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম, শৃঙ্খলা ও আধুনিক ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেন।

উল্লেখ্য, জাপানের পার্লামেন্ট ভবন ‘ন্যাশনাল ডায়েট বিল্ডিং’ নামে পরিচিত। এটি টোকিওর নাগাতাচো এলাকায় অবস্থিত এবং জাপানের দ্বিকক্ষবিশিষ্ট জাতীয় আইনসভার (ডায়েট) কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। জাপানের পার্লামেন্টে মোট ৭১৩ জন সদস্য রয়েছেন। এর মধ্যে নিম্নকক্ষে ৪৬৫ জন এবং উচ্চকক্ষে ২৪৮ জন সদস্য দায়িত্ব পালন করছেন।