সাংবাদিকদের সত্যনির্ভর সংবাদ পরিবেশনের সুযোগ নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, দেশে সাংবাদিকতার ক্ষেত্রে নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে। নির্ভীক সাংবাদিকরা অনেক সময় কোণঠাসা হয়ে পড়েন। ফ্যাসিবাদের বিদায় হলেও বিভিন্ন ক্ষেত্রে ভিন্ন রূপে তার প্রভাব রয়ে গেছে।
গতকাল শুক্রবার রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামীর জেলা ও মহানগরীর প্রচার ও মিডিয়া বিভাগের দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত দিনব্যাপী কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট জুবায়ের বলেন, আমরা এমন একটি মানবিক বাংলাদেশ চাই, যেখানে সাংবাদিকরা সত্যনির্ভর সাংবাদিকতা করার সুযোগ পাবেন। অন্যায়ভাবে কোনো সাংবাদিককে হয়রানি কিংবা ক্ষতির মুখে পড়ার আশঙ্কা থাকবে না।
তিনি বলেন, কায়েমি ও ফ্যাসিবাদী শক্তি দেশের ব্যাংকিং খাত ও গণমাধ্যমকে ধ্বংস করেছে। তারা সবসময় আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং সুযোগ বুঝে আঘাত করার চেষ্টা করছে। এজন্য দায়িত্বশীলদের সতর্কতার সঙ্গে পথ চলতে হবে।
৫ আগস্টের পর বিভিন্ন গণমাধ্যমের নিয়ন্ত্রণ নিয়ে তিনি বলেন, কায়েমি শক্তি অনেক মিডিয়ার নিয়ন্ত্রণ নিয়ে সরকারকে সাময়িক সুবিধা দিলেও একসময় তারা উল্টো আঘাত করবে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই।
জামায়াতের দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানিয়ে জুবায়ের বলেন, কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে সঠিক তথ্য সংগ্রহ করে সাংবাদিকদের কাছে সরবরাহ করতে হবে। এর মাধ্যমে প্রকৃত ঘটনা গণমাধ্যমে তুলে ধরতে সহযোগিতা করা সম্ভব হবে।
সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের প্রচার সম্পাদক মু. আতাউর রহমান সরকারের সঞ্চালনায় কর্মশালায় বিষয়ভিত্তিক আলোচনা করেন সিনিয়র সাংবাদিক ওলিউল্লাহ নোমান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও মানবকণ্ঠের সম্পাদক শহীদুল ইসলাম, তুরস্কভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের বাংলাদেশ প্রতিনিধি কামরুজ্জামান বাবলু এবং ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি পরিকল্পনাবিদ ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম। দারসুল কুরআন পেশ করেন মুফতি আলী হাসান উসামা।
কর্মশালায় গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবী, দৈনিক সংগ্রামের বার্তা সম্পাদক শামছুল আরেফীনসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এতে সারাদেশের জেলা ও মহানগরীর প্রচার ও মিডিয়া বিভাগের দায়িত্বশীলরা অংশ নেন।