জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী আমীর ও শ্রমিক কল্যাণের মহানগর উপদেষ্টা মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, শ্রমিকদের অবহেলিত রেখে জাতীয় উন্নয়ন অগ্রগতি সম্ভব নয়। শ্রমিকদের রক্ত ও ঘামে সভ্যতা গড়ে উঠে, সচল হয় দেশের অর্থনীতি। কিন্তু দিন শেষে তারাই দেশের সবচেয়ে অবহেলিত জনগোষ্ঠী। কারণ প্রচলিত অর্থব্যবস্থা ও শ্রমনীতিতে শ্রমজীবি ভাইদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ ও ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠা ব্যতিত শ্রমিকদের মুক্তি ও কল্যাণ সম্ভব নয়। শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের আন্দোলনে শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে শ্রমিকরা বিভিন্ন রাজনৈতিক দলের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হলেও তাদের ভাগ্যের পরিবর্তন হয়নি। শ্রমজীবি মানুষের চাকুরীর কোন নিশ্চয়তা নাই। মালিক শ্রমিকদের মাঝে সুসম্পর্ক তৈরী করতে হবে। তাহলে উভয়ের পাশাপাশি দেশের অর্থনীতি গতিশীল হবে। আমরা যে মানবিক বাংলাদেশ নির্মাণ করতে চাই। শ্রমিকরা হবে সেই সমৃদ্ধ বাংলাদেশের অন্যতম স্বপ্নদ্রষ্টা।

গত শুক্রবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের উদ্যোগে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। র‌্যালীটি নগরীর সুরমা মার্কেট পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়। র‌্যালী ও শ্রমিক সমাবেশে ফেডারেশনের মহানগর নেতৃবৃন্দ ছাড়াও মহানগরের আওতাধিন বিভিন্ন থানা ও ২৭টি ট্রেড ইউনিয়ন শাখার বিপুল সংখ্যক শ্রমিক নেতৃবৃন্দ অংশ নেন।

ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজুর সভাপতিত্বে, মহানগর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত র‌্যালী পরবর্তী শ্রমিক শ্রমিক সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন, সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, সিলেট জেলা জামায়াতের সেক্রেটারী জয়নাল আবেদীন, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী।

র‌্যালী পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- ফেডারেশনের মহানগর সহ-সভাপতি মিয়া মো রাসেল, সহ সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আলমগীর, আক্কাস আলী, নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দিলশাদ মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান শামীম, প্রচার সম্পাদক নাজমুল ইসলাম প্রমুখ।