বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম বলেছেন, জামায়াতে ইসলামী দেশের স্বার্থে জুলাইয়ের জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করছে, আগামীতেও করবে।
আজ ৩ মে রোববার সকালে দিনাজপুর শহরের পাহাড়পুরস্থ জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা আবদুল হালিম বলেন, সংসদে প্রথম অধিবেশনের সমাপ্তিতে সংসদের বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের বক্তব্যে দেশের জনগণ বার্তা পেয়েছেন। জামায়াত দেশের স্বার্থে জুলাইয়ের জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করছে এবং করবে। গণভোটের রায় বাস্তবায়নে জামায়াতে ইসলামী ১১ দলীয় ঐক্যের মাধ্যমে আন্দোলন চালিয়ে যাবে।
জামায়াত সরকারি দলের জনআকাঙ্ক্ষার বিপরীতে যেকোনো পদক্ষেপের সমালোচনা করবে। গণভোটে ৭০ শতাংশ ভোটে সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ বিজয়ী জনরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে।
তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নে জনগণকে সাথে নিয়ে নিয়মতান্ত্রিক আন্দোলন ও কর্মসূচির মাধ্যমে জুলাই অভ্যুত্থানের সংস্কার কার্যক্রম এগিয়ে নিবে ও বাস্তবায়ন করবে।
মাওলানা আবদুল হালিম আরও বলেন, জনগণকে নেতৃত্ব দেওয়ার জন্য সংগঠনের মজবুতি অপরিহার্য। দাওয়াতি কাজের সম্প্রসারণ, আত্মগঠন, কর্মীগঠন ও জনশক্তির মান উন্নয়নে সাংগঠনিক কার্যক্রম আরও বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি জানমালের কুরবানীর ক্ষেত্রে জামায়াতের জনশক্তিকে আরও উদ্বুদ্ধ করতে দায়িত্বশীদের প্রতি আহ্বান জানান তিনি।
দিনাজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে দায়িত্বশীল সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ ও সহকারী সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, জেলা ইউনিট সদস্যবৃন্দ, উপজেলা আমীর ও সেক্রেটারিবৃন্দ।