হবিগঞ্জে উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের জারি করা ১৪৪ ধারা কার্যকর করতে ৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

আজ বুধবার (২৯ জুলাই) জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী বর্ডার গার্ড বাংলাদেশ, হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর সদস্যরা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংঘাতপ্রবণ এলাকায় দায়িত্ব পালন শুরু করেছেন।

বিজিবি সূত্র জানায়, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং ১৪৪ ধারার নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নে বিজিবির টহল জোরদার করা হয়েছে। আইন মেনে চলা, নির্ধারিত স্থানে সভা-সমাবেশ না করা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ড্রোনের মাধ্যমে আকাশে মাইকিং কার্যক্রম পরিচালনা করছে বিজিবি।

এছাড়া জেলার বিভিন্ন ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর পয়েন্টগুলোতে বিজিবি, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে যৌথ নিরাপত্তাবেষ্টনী গড়ে তোলা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বসাধারণকে ১৪৪ ধারার বিধিবিধান মেনে চলে সার্বিক শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করার জন্য বিশেষ আহ্বান জানানো হয়েছে।