বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়ে বিএনপি নেতা বরকতউল্লা বুলুর উদ্ভট, বিদ্বেষমূলক ও বিভ্রান্তিকর মন্তব্যের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। আজ ৬ মে প্রদত্ত এক বিবৃতিতে তিনি বলেন, “জামায়াতে ইসলামী একটি আদর্শভিত্তিক, গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী রাজনৈতিক ইসলামী সংগঠন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নৈতিকতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছে। একটি রাজনৈতিক দলের নেতার মুখ থেকে এ ধরনের বিদ্বেষমূলক ও বিভ্রান্তিকর বক্তব্য জাতির রাজনৈতিক সংস্কৃতির জন্য অকল্যাণকর।

তিনি আরও বলেন, আমরা মনে করি, মতপার্থক্য থাকতে পারে, কিন্তু রাজনৈতিক শিষ্টাচার ও পারস্পরিক সম্মান বজায় রাখা সকল রাজনৈতিক নেতার দায়িত্ব। রাজনৈতিক প্রতিপক্ষকে হেয়প্রতিপন্ন করতে অবমাননাকর ভাষা ব্যবহার গণতান্ত্রিক রীতিনীতি ও মূল্যবোধের পরিপন্থী।

জামায়াতে ইসলামী দেশের জনগণের কল্যাণ, ন্যায়বিচার ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক ধারায় জনগণের পাশে থাকবে, ইনশাআল্লাহ।

আমরা জনাব বরকতউল্লা বুলুকে রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে দায়িত্বশীল আচরণ করার এবং বিভেদ ও উসকানিমূলক বক্তব্য পরিহার করার আহ্বান জানাচ্ছি।”

উল্লেখ্য, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য বরকতউল্লা বুলু ৫ মে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পৌরণবিবি-মুনসির হাট খাল খননকাজের উদ্বোধনী অনুষ্ঠানে ‘জামায়াতে ইসলামী হলো একটা আফিম, এটা মাদকের চেয়েও ডেঞ্জারাস। এটা একবার যে খায়, সে জীবনে আর ভুলতে পারে না। এখানে তাদের নেতারা যা বলেন শুদ্ধ-অশুদ্ধ-ভুল, এরা এটাই মানে। মওদুদির বংশের কেউ কিন্তু জামায়াতে ইসলামী করে না।’