জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর রসায়ন বিভাগের শিক্ষার্থী সংসদ-এর নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) রসায়ন বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে এ নির্বাচন সম্পন্ন হয়।
নতুন কমিটিতে সহ-সভাপতি (ভিপি) হিসেবে নির্বাচিত হয়েছেন ৪৯ তম আবর্তনের শিক্ষার্থী শাহরিয়া নাজিম রিয়াদ (জেলা: চট্টগ্রাম) এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ৫০ তম আবর্তনের শিক্ষার্থী কনক রঞ্জন দাশ (জেলা: মৌলভীবাজার)।
এছাড়াও নবগঠিত কমিটির সহ-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ৫১ তম আবর্তনের মাহিদ হাসান, ক্রীড়া সম্পাদক হিসেবে ৫১ তম আবর্তনের মেহেদী হাসান, সাংস্কৃতিক সম্পাদক হিসেবে ৫০ তম আবর্তনের স্নিগ্ধা শাহরিন, পাঠাগার ও সেমিনার সম্পাদক হিসেবে ৫২ তম আবর্তনের সোহান চৌধুরী প্রান্ত, প্রচার ও ছাত্র কল্যাণ সম্পাদক হিসেবে ৫২ ব্যাচের হুসাইন আহমেদ এবং সহ-ক্রীড়া সম্পাদক হিসেবে ৫৩ তম আবর্তনের তানভীর মাহমুদ তিতাস নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত ভিপি শাহরিয়া নাজিম রিয়াদ তার বক্তব্যে বলেন, “আমি রসায়ন বিভাগের আমার প্রিয় বন্ধুদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি আমার ওপর আস্থা রাখার জন্য। তাদের ভালোবাসা, সমর্থন ও বিশ্বাসই আমাকে এই দায়িত্ব গ্রহণের সাহস জুগিয়েছে। আমাদের মূল লক্ষ্য থাকবে শিক্ষার্থীদের একাডেমিক সমস্যাগুলোর কার্যকর সমাধান নিশ্চিত করা, ল্যাব ও সেমিনার লাইব্রেরির মানোন্নয়ন করা এবং নিয়মিত সাংস্কৃতিক ও ক্রীড়া চর্চার মাধ্যমে একটি প্রাণবন্ত, সক্রিয় ও গতিশীল বিভাগ গড়ে তোলা।”
তিনি আরও বলেন, “সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষা করা এবং যেকোনো প্রয়োজনে তাদের পাশে দাঁড়ানোই হবে রসায়ন সংসদের প্রধান অঙ্গীকার। আমরা চাই, প্রতিটি শিক্ষার্থী যেন নিজেকে নিরাপদ, সম্মানিত ও সহযোগিতাপূর্ণ একটি পরিবেশের অংশ হিসেবে অনুভব করতে পারে। নবনির্বাচিত সকল সদস্যদের পক্ষ থেকে আমাদের অঙ্গীকার—সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে, তাদের মতামত ও অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে, আমরা একটি সুন্দর, সৌহার্দ্যপূর্ণ ও আনন্দময় ক্যাম্পাস জীবন গড়ে তুলতে কাজ করে যাব।”
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সম্মানিত শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা, সহযোগিতা ও আন্তরিকতার মাধ্যমে রসায়ন সংসদকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেওয়া সম্ভব হবে, ইনশাআল্লাহ।