জনগণের নিরাপত্তাকে উপেক্ষা করে সরকারের গৃহীত কোনো কর্মসূচিই সফল হওয়ার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমীর ডা. শফিকুর রহমান। গতকাল রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে জামায়াত আমীর বলেন, অতি সম্প্রতি নওগাঁ জেলায় ৪ জন, চট্টগ্রামে ৩ জন এবং গাজীপুরে ৫ জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। আজ ভোররাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাগচালা গ্রামে গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

তিনি প্রশ্ন রেখে বলেন, এগুলো কি শুধুই সামাজিক বিশৃঙ্খলা, নাকি আইনের সঠিক প্রয়োগের অভাবে সৃষ্ট হতাশা থেকে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ?

বিরোধীদলীয় নেতা বলেন, বিনা বিচারে কোনো হত্যাকাণ্ডই কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং বিচার বিভাগ জনগণের কাছে গ্রহণযোগ্য না হওয়া পর্যন্ত দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা অসম্ভব।

তিনি আরও বলেন, সবকিছুর মূলেই রয়েছে সরকারের সদিচ্ছা। সদিচ্ছা এবং যথাযথ উদ্যোগই এই সামাজিক সমস্যার কার্যকর সমাধান আনতে পারে। জনগণের নিরাপত্তাকে উপেক্ষা করে সরকারের গৃহীত কোনো কর্মসূচিই সফল হওয়ার সম্ভাবনা নেই। আগে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তারপর স্বচ্ছ উন্নয়নের পদক্ষেপ নিতে হবে।