জাপানের হিরোশিমা শহরে অবস্থিত পিস পার্ক ও পিস মিউজিয়াম পরিদর্শন করেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। বুধবার (৬ মে) তিনি জাপানের হিরোশিমা শহরের মিউজিয়াম পরিদর্শন করেন।
১৯৪৫ সালের ৬ আগস্ট সকালে জাপানের হিরোশিমা শহরের ওপর ‘লিটল বয়’ নামের পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়। এর তিন দিন পর, ৯ আগস্ট, নাগাসাকি শহরের ওপর ‘ফ্যাট ম্যান’ নামের আরেকটি পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
অনুমান করা হয়, ১৯৪৫ সালের ডিসেম্বরের মধ্যে বোমা বিস্ফোরণের ফলে হিরোশিমায় প্রায় ১,৪০,০০০ মানুষ এবং নাগাসাকিতে প্রায় ৭৪,০০০ মানুষ প্রাণ হারান। পরবর্তীতে এই দুই শহরে বোমার পার্শ্বপ্রতিক্রিয়াজনিত রোগে আক্রান্ত হয়ে আরও প্রায় ২,১৪,০০০ মানুষ মৃত্যুবরণ করেন।
এখন ২০২৬ সাল। আজও হিরোশিমা শহর সেই বেদনাদায়ক ঘটনার নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। যে ভবনটির ওপর বোমাটি নিক্ষেপ করা হয়েছিল, তার ভগ্নাবশেষ আজও ইতিহাসের সাক্ষী হিসেবে স্বমহিমায় দাঁড়িয়ে রয়েছে।
পরিদর্শনকালে হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষক ও সেখানে গবেষণারত প্রবাসী বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীদের পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য জনাব সাইফুল আলম খান মিলন এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান উপস্থিত ছিলেন।