মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তি নিয়ে সৌদি আরব ও তুরস্ক ইতিবাচক বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি আরও জানান, এই জোটে যোগ দেওয়ার ক্ষেত্রে কোনো ঝুঁকি দেখছে না বাংলাদেশ।

রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে হুমায়ুন কবির এসব কথা বলেন। জোটটিতে বাংলাদেশের যুক্ত হওয়ার ঝুঁকি প্রসঙ্গে তিনি বলেন, বাঁচার আগে মরার চিন্তা করলে সমস্যা।

গত বৃহস্পতিবার সংসদে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, বাংলাদেশের মক্কা প্যাক্টে যোগ দেওয়ার বিষয়টি নির্ভর করছে চুক্তিভুক্ত সদস্যদেশগুলোর অভিপ্রায়ের ওপর। তারা বাংলাদেশকে এ চুক্তিতে অন্তর্ভুক্ত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করলে বাংলাদেশ নিশ্চয়ই বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে।

এদিকে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

চীনের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন সর্বোচ্চ পর্যায়ের কৌশলগত। এর অংশ হিসেবে দুই দেশ কূটনৈতিক ও প্রতিরক্ষা সংলাপ শুরু করতে যাচ্ছে। তবে এর দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি বলে জানান তিনি।