সরকারের মন্ত্রিসভায় রদবদলের অংশ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন একজন প্রতিমন্ত্রী যুক্ত হয়েছেন। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এর ফলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের অধীনে এখন দুইজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করবেন।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন হুমায়ুন কবির। একই অনুষ্ঠানে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
শপথ গ্রহণের মধ্য দিয়ে হুমায়ুন কবির আনুষ্ঠানিকভাবে সরকারের মন্ত্রিসভায় যুক্ত হলেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন।
হুমায়ুন কবির টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। মন্ত্রিসভায় যোগ দেয়ার আগে তিনি প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য অনুযায়ী, প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টার দায়িত্বও পালন করেছেন।
হুমায়ুন কবিরের পাশাপাশি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন শামা ওবায়েদ ইসলাম। চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের সময় তিনি এ দায়িত্ব পান। নতুন দপ্তর বণ্টনের পরও তিনি একই পদে বহাল থাকছেন।