আওয়ামী লীগ আমলে দেশ থেকে বিপুল পরিমাণে অর্থ বিদেশে পাচার হয়। এসব অর্থ ফেরত আনতে চেষ্টা চালাচ্ছে সরকার। গঠন করা হয়েছে টাস্কফোর্সও। এছাড়া পাচারের অর্থ ফেরাতে ১১ মামলা পরিচালনা করা হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৯তম দিন গতকাল বুধবার বিকালে প্রশ্নোত্তর পর্বে এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব তথ্য জানান।
মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান লিখিত প্রশ্নে জানতে চান, “বিগত আওয়ামী ফ্যাসিস্ট আমলে বিভিন্ন উপায়ে বা প্রক্রিয়া অবলম্বন করিয়া ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার পৃথিবীর বিভিন্ন দেশে পাচার করা হয়েছে। ওই টাকা দেশে ফিরাইয়া আনবার ব্যাপারে সরকারের পক্ষ হইতে কোনও উদ্যোগ নেওয়া হয়েছে কিনা বা হবে কিনা?”
জবাবে প্রধানমন্ত্রী বলেন, “শেখ হাসিনা, তার সরকারের মন্ত্রী এবং অন্যান্য সুবিধাভোগী ব্যক্তি ও প্রতিষ্ঠানের পাচার করা অর্থ পুনরুদ্ধারে সরকার অগ্রাধিকার দিয়ে আইনি প্রক্রিয়া পরিচালনা করছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সভাপতিত্বে একটি আন্তঃসংস্থা টাস্কফোর্স গঠন করা হয়েছে। ওই টাস্কফোর্স কর্তৃক চিহ্নিত ও অগ্রাধিকারপ্রাপ্ত ১১টি মামলায় পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারের জন্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”
অগ্রাধিকারপ্রাপ্ত ১১ মামলা কাদের নামে করা হয়েছে, সেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর নাম জানিয়ে তারেক রহমান বলেন, “সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি/প্রতিষ্ঠান, সাবেক ভূমিমন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরী ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি/প্রতিষ্ঠান, এস আলম গ্রুপ ও এর স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি/প্রতিষ্ঠান, বেক্সিমকো গ্রুপ ও এর স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি/প্রতিষ্ঠান, সিকদার গ্রুপ ও এর স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি/প্রতিষ্ঠান, বসুন্ধরা গ্রুপ ও এর স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি/প্রতিষ্ঠান, নাসা গ্রুপ ও এর স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি/প্রতিষ্ঠান, ওরিয়ন গ্রুপ ও এর স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি/প্রতিষ্ঠান, নাবিল গ্রুপ ও এর স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি/প্রতিষ্ঠান, এইচ বি এম ইকবাল, তার পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি/প্রতিষ্ঠান এবং সামিট গ্রুপ ও এর স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি/প্রতিষ্ঠান।”
সরকার প্রধান বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির তথ্যমতে, ২০০৯ থেকে ২০২৩ সালের মধ্যে বাংলাদেশ থেকে অবৈধ অর্থ প্রবাহের পরিমাণ আনুমানিক ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার, যা বছরে গড়ে ১৬ বিলিয়ন মার্কিন ডলার। পাচারকৃত এ অর্থ একাধিক দেশে স্থানান্তরিত হওয়ার অভিযোগ থাকায় তা উদ্ধারে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে তথ্য বিনিময়, সম্পদ শনাক্তকরণ এবং পারস্পরিক আইনগত সহায়তা জোরদার করা হচ্ছে। এ লক্ষ্যে ‘পারস্পরিক আইনগত সহায়তা চুক্তি’ সম্পাদন এবং মিউচ্যুয়াল লিগ্যাল এসিসেটেন্ট রিকোয়েস্ট (এমএলএআর) বিনিময় প্রক্রিয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় নিবিড়ভাবে কাজ করছে।”
তিনি বলেন, “অর্থ পাচারের গন্তব্য দেশগুলোর মধ্যে প্রাথমিকভাবে চিহ্নিত ১০টি দেশের (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, ইউএই, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং হংকং-চায়না) মধ্যে তিনটি দেশ (মালয়েশিয়া, হংকং এবং সংযুক্ত আরব আমিরাত) চুক্তি স্বাক্ষরের বিষয়ে সম্মতি দিয়েছে। অপর সাতটি দেশের সঙ্গে চুক্তি স্বাক্ষরের বিষয়টি প্রক্রিয়াধীন।”
তারেক রহমান বলেন, “পাচারকৃত অর্থ পুনরুদ্ধারের লক্ষ্যে ইতোমধ্যে ১৪১টি মামলা করা হয়েছে। যার মধ্যে ১৫টি মামলার চার্জশিট দাখিল করা হয়েছে এবং ছয়টি মামলার রায় দেওয়া হয়েছে। সার্বিকভাবে বর্তমান সরকার দুর্নীতি, মানিলন্ডারিং এবং আর্থিক অপরাধ দমনে বৃহত্তর কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিদেশে পাচারকৃত সম্পদ পুনরুদ্ধার কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে।”
দুই লাখ ফ্রিল্যান্সারকে আইডি কার্ড দেবে সরকার
ফ্রিল্যান্সিং মার্কেটে সাফল্যের দিক থেকে উন্নত দেশগুলোর সঙ্গে কয়েকটি উন্নয়নশীল দেশ রীতিমতো প্রতিযোগিতা করছে, যার মধ্যে রয়েছে বাংলাদেশও। দেশের কয়েক লাখ মানুষ ফ্রিল্যান্সিংকে পেশা হিসেবে বেছে নিয়েছে। এবার ফ্রিল্যান্সারদের নিয়ে একটি উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। আগামী পাঁচ বছরে দুই লাখ ফ্রিল্যান্সারকে দেওয়া হবে কার্ড। এমনকি, কয়েক হাজার তরুণকে ফ্রিল্যান্সিংয়ের জন্য প্রশিক্ষণ দেওয়ার মহাপরিকল্পনাও নেওয়া হয়েছে।
নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজের এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, “তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বিভিন্ন সংস্থা/দফতর তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নানাবিধ পরিকল্পনা ও কার্যক্রম নিয়েছে। ফ্রিল্যান্সার তৈরিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতর পাঁচ বছরে এক হাজার জনকে প্রশিক্ষণ দেবে এবং একই সময়ে দুই লাখ ফ্রিল্যান্সারকে আইডি কার্ড দেওয়া হবে। ইতোমধ্যে সাড়ে সাত হাজার ফ্রিল্যান্সারকে আইডি কার্ড দেওয়া হয়েছে এবং এর কার্যক্রম চলমান।”
সরকার প্রধান বলেন, “নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে ওয়াইফাই (উইমেন ইন আইসিটি ফ্রন্টিয়ার ইনিশিয়েটিভ) বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে। আইটিইই প্রশিক্ষণের আওতায় এপ্রিল-২০২৬ সেশনে ১৫টি বিশ্ববিদ্যালয়ের ৩০০ জন শিক্ষার্থীর প্রশিক্ষণ চলমান রয়েছে। ৪০ জন বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠীকে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ ও ২০ জন নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে ওয়াইফাই প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।”
প্রাথমিকের শিক্ষার্থীদের বিনামূল্যে জুতা দেওয়া হবে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে জুতা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সংসদ সদস্য মো. আবুল কালামের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
ওই সংসদ সদস্যের লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, উন্নত, সমৃদ্ধ ও মর্যাদাশীল বাংলাদেশ গঠনের লক্ষ্যে বিএনপির নির্বাচনি ইশতেহারে গণতন্ত্র, সুশাসন, অর্থনৈতিক উন্নয়ন ও মানবিক মূল্যবোধের সমন্বিত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি আইনের শাসন, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠার কথা বলা হয়।
‘স্বৈরাচার ও অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি’
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, স্বৈরাচারের সময় এবং অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি। সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহ উদ্দিন সম্পূরক প্রশ্নে বলেন, প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন, চট্টগ্রামে দেশের একমাত্র সংক্রামক রোগের চিকিৎসা কেন্দ্র বিশেষায়িত ইনস্টিটিউটসহ অধিকাংশ হাম শনাক্তকারী প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। যে কারণে হাম শনাক্ত করতে সব ইনস্টিটিউট এবং চিকিৎসা কেন্দ্রকে ঢাকায় পাবলিক হেলথ কেন্দ্র ন্যাশনাল পলিউট অ্যান্ড রোবেলা ল্যাবরেটরিতে পাঠাতে হচ্ছে। এই মুহূর্তে টিকা যথার্থ হওয়ার পরও চিহ্নিত করতে রোগীদের অপেক্ষা করতে হচ্ছে। এই ব্যবস্থা উত্তরণে খুব দ্রুত কোনও ব্যবস্থা নেওয়া হবে কিনা।
উর্দুভাষী বাংলাদেশীদের স্থায়ী পুনর্বাসনের উদ্যোগ বিবেচনা করা যেতে পারে’
উর্দুভাষী বাংলাদেশী নাগরিকদের স্থায়ী পুনর্বাসনের উদ্যোগ গ্রহণের বিষয়টি বিবেচনা করা যেতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান৷
সংসদ সদস্য মো. আব্দুল বাতেনের এক প্রশ্নের লিখিত জবাবে প্রধানমন্ত্রী এ কথা জানান। এ সময় অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সভাপতিত্ব করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের অধিক্ষেত্রাধীন পল্লবী থানায় বিভিন্ন ক্যাম্পে বসবাসকারী উর্দু ভাষী বাংলাদেশি নাগরিকদের স্থায়ী পুনর্বাসনের জন্য অদ্যাবধি কোনো পরিকল্পনা গ্রহণ করা হয়নি। তবে বিস্তারিত সমীক্ষা করে পল্লবী থানার আওতাভুক্ত বিভিন্ন ক্যাম্পে বসবাসকারী উর্দু ভাষী বাংলাদেশি নাগরিকদের স্থায়ী পুনর্বাসনের উদ্যোগ গ্রহণের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।.
কৃষিকে লাভজনক খাতে রূপান্তরে সরকারের বহুমুখী পরিকল্পনা রয়েছে
কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষিপণ্য বহুমুখীকরণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ‘স্মার্ট কৃষি’ কার্যক্রম বাস্তবায়নে একগুচ্ছ পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এই পরিকল্পনার অংশ হিসেবে গত ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’-এর উদ্বোধন করা হয়। এই কার্ডের মাধ্যমে কৃষকরা ১০টি ভিন্ন ধরনের সেবা পাবেন।
টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য মো. রবিউল আউয়ালের এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন।