বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আতিকুর রহমান এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লস্কর মোঃ তসলিম এক যৌথ বিবৃতিতে সরকারের গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ১৬.৬৮ শতাংশ এবং পাইকারি পর্যায়ে ১৯.৮৫ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।

নেতৃদ্বয় বলেন, গত ১ জুন থেকে কার্যকর হওয়া এই মূল্যবৃদ্ধি দেশের শ্রমিক, নিম্ন আয়ের মানুষ, কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী এবং সাধারণ ভোক্তাদের জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে দেবে। এমনিতেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ চরম অর্থনৈতিক চাপে রয়েছে। এর মধ্যে বিদ্যুতের মূল্য বৃদ্ধি জনজীবনে নতুন করে সংকট সৃষ্টি করবে।

তারা আরও বলেন, বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার অদক্ষতা, অপচয় এবং অনিয়মের দায় সাধারণ জনগণের ওপর চাপিয়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিদ্যুতের মূল্য বৃদ্ধি শিল্প ও উৎপাদন খাতে নেতিবাচক প্রভাব ফেলবে, যার ফলে উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে এবং দ্রব্যমূল্যের ওপর নতুন চাপ সৃষ্টি হবে। এতে শ্রমজীবী মানুষের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠবে।

নেতৃদ্বয় সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সাধারণ মানুষের দুর্ভোগ ও অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে এবং পূর্বের মূল্য বহাল রাখতে হবে। একই সঙ্গে বিদ্যুৎ খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করে জনগণের স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মনে করে, জনগণের মতামত ও স্বার্থকে উপেক্ষা করে নেওয়া কোনো সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে দেশের অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতার জন্য কল্যাণকর হতে পারে না। তাই সরকারকে দ্রুত এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো হচ্ছে।