জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আজ বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় পৌঁছান তিনি।
জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে ১৯৩ সদস্য রাষ্ট্রের ভোটে তিনি ৯৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সাইপ্রাসের প্রতিনিধি আন্দ্রেয়াস এস. কাকোরিস, যিনি ৯১ ভোট লাভ করেন। এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পদে নির্বাচিত হওয়ার লক্ষ্যে গত তিন মাস ধরে ব্যাপক কূটনৈতিক প্রচারণা চালিয়ে আসছিল বাংলাদেশ।
২ জুন নিউইয়র্ক সময় সকাল ১০টায় জাতিসংঘ সদর দপ্তরে এই ভোটগ্রহণ হয়।
খলিলুর রহমান এক বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন। জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হলেন তিনি।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আসনে বাংলাদেশের কোনো প্রতিনিধি দ্বিতীয়বারের মতো বসছেন। ৪০ বছর আগে ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী।