বর্তমান সরকার ক্ষমতায় আসার সাড়ে তিন মাসেও সরকার দেশে স্থিতিশীলতা আনতে পারেনি। জ্বালানি নিয়ে চরম নৈরাজ্য চলছে। সরকার বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না। লুটেরাদের ব্যাংক খাতে পুনর্বাসনের মাধ্যমে আবার লুটপাটের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। এ ব্যাপারে জনগণকে সচেতন করতে জামায়াতের দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

আজ মঙ্গলবার (২ জুন) সকালে নগরীর সোনাডাঙ্গাস্থ আল ফারুক সোসাইটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা বিভাগের জেলা ও মহানগরীর দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এ সব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের শান্তি, উন্নয়ন, স্থিতিশীলতা, জননিরাপত্তা এবং গণতান্ত্রিক পদ্ধতিতে জামায়াতে ইসলামী সরকারের সকল ভালো কাজের সহযোগিতা করবে এবং মন্দ কাজের প্রতিবাদ করবে। আগামী ২০ জুন ১১ দলীয় ঐক্যের খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে সকল দায়িত্বশীলের প্রতি উদাত্ত আহবান জানান তিনি।

জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এমপির সভাপতিত্বে ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক জনাব মোবারক হোসাইনের পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল টিম সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল টিম সদস্য ড. আবু সাদিক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান, যশোর জেলা আমীর মো. গোলাম রসুল এমপি, খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, নড়াইল জেলা আমীর আতাউর রহমান বাচ্চু এমপি, বাগেরহাট জেলা আমীর মাওলানা রেজাউল করিম, সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, মাগুরা জেলা আমীর এমবি বাকের, কুষ্টিয়া জেলা আমীর এ কে এম আলী মুহসিন, মেহেরপুর জেলা নায়েবে আমীর মো. মাহবুবুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা নায়েবে আমীর মো. আজিজুর রহমান, খুলনা মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি, চুয়াডাঙ্গা জেলা সেক্রেটারি মো. আসাদুজ্জামান, মেহেরপুর জেলা সেক্রেটারি মো. ইকবাল হুসাইন, ঝিনাইদহ জেলা সেক্রেটারি মো. আব্দুল আওয়াল, সাতক্ষীরা জেলা সহকারী সেক্রেটারি মো. ওবায়দুল্লাহ, বাগেরহাট জেলা সহকারী সেক্রেটারি মো. মিজানুর রহমান মল্লিক প্রমুখ|

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াত সেক্রেটারি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর চরম ব্যর্থতার কারণে আজ জনগণের জানমাল ও নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। দেশের সামগ্রিক আইনশৃঙ্খলার এই অবনতির দায় বর্তমান সরকার কোনোভাবেই এড়াতে পারে না। আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। তিনি দেশবাসীকে সচেতন থাকার এবং যেকোনো অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানান।

গোলাম পরওয়ার আরও বলেন, চব্বিশের ৩৬ জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে দেশ ফ্যাসিবাদমুক্ত হলেও প্রত্যাশিত পরিবর্তন এখনো অধরা। জুলাই গণঅভ্যুত্থানের পর দেশে একটি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলেও এটি বিতর্কমুক্ত না থাকা দুঃখজনক। ঐ নির্বাচনে বিএনপি ক্ষমতায় গিয়ে প্রায় ৭০ শতাংশ মানুষের গণভোটের রায়কে বাতিলের মাধ্যমে সরকার ফের ফ্যাসিবাদী শাসনের দিকে ধাবিত হচ্ছে। জুলাই সনদকে উপেক্ষা ও গণভোটের রায় বাতিলের ষড়যন্ত্র প্রমাণ করে বিএনপি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ক্ষমতায় গেছে। তাই তারা জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশাকে জলাঞ্জলি দিয়ে জাতির সাথে প্রতারণা করছে। এর পরিণতি ভালো হবে না। এ দেশে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার কোনো স্বপ্ন পূরণ হবে না।