চীনে কারিগরি প্রশিক্ষণ নিতে যাওয়া ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (NITER)-এর আট (০৮) শিক্ষার্থীর সম্মানে প্রি-ডিপারচার সংবর্ধনার আয়োজন করেছে বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (BCCCI)।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে BCCCI কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা চীনের Zhejiang Agricultural Business College-এ কারিগরি প্রশিক্ষণ গ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যসচিব মো. আতাউর রহমান খান, এনডিসি। তিনি বাংলাদেশের টেক্সটাইল খাতের জন্য দক্ষ জনশক্তি গড়ে তুলতে BCCCI-এর সভাপতি মোহাম্মদ খোরশেদ আলমের উদ্যোগের প্রশংসা করেন।
বাণিজ্যসচিব বলেন, শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে কারিগরি জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেওয়ার এ উদ্যোগ বাংলাদেশের উন্নয়ন, বিশেষ করে টেক্সটাইল খাতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বেসরকারি খাতের এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি করে এবং জাতীয় স্বার্থে অনুরূপ কর্মসূচি গ্রহণে অন্য ব্যবসায়ী নেতাদের উৎসাহিত করবে।
তিনি আরও বলেন, এ ধরনের কর্মসূচি শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা জোরদারের পাশাপাশি নীতিগত আলোচনা ও বাস্তবায়নের মধ্যকার দূরত্ব কমাতে কার্যকর ভূমিকা রাখতে পারে। বাংলাদেশের ভবিষ্যৎ শিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতা দক্ষ মানবসম্পদ, হাতে-কলমে শিক্ষা ও ব্যবসাবান্ধব পরিবেশের ওপর ক্রমেই বেশি নির্ভর করবে বলেও উল্লেখ করেন তিনি।
BCCCI-এর সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম বলেন, আন্তর্জাতিক পর্যায়ে অভিজ্ঞতা অর্জন এবং হাতে-কলমে শিক্ষার মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ টেক্সটাইল পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে চেম্বারের অঙ্গীকারের প্রতিফলন এই উদ্যোগ।
বিশ্বের ৪৬টি দেশের শিল্পকারখানা পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি পরিচ্ছন্ন উৎপাদন পরিবেশ, কর্মক্ষেত্রে নিরাপত্তা, জ্বালানি দক্ষতা ও আধুনিক উৎপাদন প্রযুক্তিসহ বৈশ্বিক সর্বোত্তম চর্চা অনুসরণের গুরুত্ব তুলে ধরেন।
তিনি শিক্ষার্থীদের চীনে প্রশিক্ষণের সর্বোচ্চ সদ্ব্যবহার করে দেশটির শিল্পখাতের বাস্তব অভিজ্ঞতা ও আধুনিক কর্মপদ্ধতি সম্পর্কে জ্ঞান অর্জনের আহ্বান জানান। অর্জিত জ্ঞান দেশে ফিরিয়ে বাংলাদেশের টেক্সটাইল ও গার্মেন্টস খাতের উন্নয়ন ও আধুনিকায়নে কাজে লাগানোর জন্যও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে এ উদ্যোগের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি চীনে প্রশিক্ষণে অংশ নিতে যাওয়া NITER-এর শিক্ষার্থীরা তাদের অনুভূতি ও প্রত্যাশা তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন NITER-এর পরিচালক আশিকুল আলম রানা, Zhejiang Agricultural Business College-এর External Faculty মো. হামিদুর রহমান, BCCCI-এর সেক্রেটারি জেনারেল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, পরিচালকবৃন্দ, চেম্বারের সদস্য, গণমাধ্যমকর্মী ও অন্যান্য বিশিষ্ট অতিথিরা।