বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে আজ ডাকসু কার্যনির্বাহী পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় ডাকসুর প্রতিনিধিগণ ঢাকা বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরেন। আলোচনায় বিশেষভাবে স্থান পায়:
- শারীরিক প্রতিবন্ধী (ফিজিক্যালি চ্যালেঞ্জড) নাগরিকদের অধিকার, সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় নীতিগত বিষয়গুলো জাতীয় সংসদে গুরুত্বের সঙ্গে উপস্থাপনের দাবি।
- ডাকসুর কার্যনির্বাহী সদস্য আফসানা আক্তারের পক্ষ থেকে নারীদের সাইবার স্পেসে ক্রমবর্ধমান হয়রানি প্রতিরোধে কার্যকর আইনগত ও নীতিগত উদ্যোগ গ্রহণ এবং বিষয়টি সংসদে আলোচনার আহ্বান।
- ডাকসু নেতৃবৃন্দ ও সাংবাদিকদের ওপর শাহবাগ থানায় সংঘটিত হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে বিরোধী দলের পক্ষ থেকে সংসদে জোরালো ভূমিকা রাখার অনুরোধ।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প ও ডাকসুর উদ্যোগে সমূহ বাস্তবায়নে সরকার দলীয় প্রশাসনিক বাধা এবং বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করার বিষয়টি সংসদে উত্থাপনের দাবি জানান।
ডা. শফিকুর রহমান ডাকসুর উত্থাপিত বিষয়গুলো মনোযোগ সহকারে শোনেন এবং জাতীয় সংসদে এসব দাবি ও প্রস্তাব যথাযথভাবে তুলে ধরার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় অতীতের মতো ভবিষ্যতেও জাতির গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দেবে বলে তিনি আশাবাদী।
তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর নয়; বরং সকল অংশগ্রহণকারীর সম্মিলিত অবদান, বিশেষ করে শহীদ, আহত যোদ্ধা এবং তরুণদের আত্মত্যাগ ও নেতৃত্বই এ অভ্যুত্থানের মূল শক্তি। প্রবীণরা ভবিষ্যতেও তরুণদের পাশে থেকে সহযোগিতা করে যাবেন বলেও তিনি উল্লেখ করেন।
মতবিনিময় শেষে ডাকসুর পক্ষ থেকে "আমরা সবাই হাদি হবো যুগে যুগে লড়ে যাবো" শীর্ষক গ্রাফিতি ও একটি পরিবেশ বন্ধু গাছ বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের হাতে তুলে দেওয়া হয়। একই সঙ্গে উপস্থিত অন্যান্য অতিথিদেরও স্মারক হিসেবে পরিবেশ বন্ধু গাছ উপহার প্রদান করা হয়।
আলোচনা শেষে ডা. শফিকুর রহমান ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষা, শিক্ষার্থীদের মৌলিক সমস্যা সমাধান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ভবিষ্যতেও সহযোগিতা ও পরামর্শ দিয়ে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এসময়ে বিরোধী দলীয় নেতা ডাকসু অভ্যন্তরের জুলাই যাদুঘর পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।