দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২ মে শনিবার প্রথম সিলেট সফরে আসছেন। সফরকালে তিনি দুটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর ও নতুন কুঁড়ি প্রতিযোগিতার উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সিলেট নগরীতে সাজ-সজ্জার কাজ চলছে। সংস্কার করা হচ্ছে নগরীর ভাঙ্গাচোরা রাস্তাঘাটও।

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন প্রেরিত সফরসূচিতে জানানো হয়, ২ মে সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করবেন। এরপর সকাল ১১টায় নগরের চাঁদনীঘাট এলাকায় সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। বেলা ১২টায় সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া খাল খননকাজের উদ্বোধন করবেন। বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ প্রতিযোগিতার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল ৫টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশ নেবেন তিনি। দিনের কর্মসূচি শেষে সন্ধ্যা ৭টায় বিমানযোগে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে সিলেটের মানুষ প্রস্তুত। এজন্য সিলেট নগরীকে নতুনভাবে সাজানো হচ্ছে। সিলেট নগরীর বন্যা নিয়ন্ত্রণে অবকাঠামো নির্মাণ ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের আওতায় সুরমা নদীর দুই তীরে ১৫ কিলোমিটার করে ওয়াকওয়ে নির্মাণ করা হবে। নগরীর জলাবদ্ধতা নিরসন এ প্রকল্পের মূল লক্ষ্য। প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে সিলেটের উন্নয়নে নবদিগন্তের সূচনা হবে বলে তিনি মন্তব্য করেন।