চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন নাকচ করেছেন ঢাকার মহানগর দায়রা জজ আদালত। এর আগে গত ১২ আগস্ট ঢাকার সিএমএম আদালতেও তার জামিন আবেদন নাকচ হয়েছিল।

মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকার ১১তম অতিরিক্ত মহানগর দায়রা জজ নুরুল ইসলামের আদালতে ডনের পক্ষে তার আইনজীবী তারিকুল ইসলাম জুয়েল জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন বলে সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী ফারুক দেওয়ান জানিয়েছেন।

গত ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ—সিআইডির কাছে হস্তান্তর করা হয়। একই দিন আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

এদিকে সালমান শাহ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণের পরিদর্শক মজিবুর রহমান ডনের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছেন। আগামী বৃহস্পতিবার ডনের উপস্থিতিতে এ আবেদনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় মারা যান। তাঁর মৃত্যুর পর প্রথমে অপমৃত্যুর মামলা হয় এবং বিভিন্ন পর্যায়ের তদন্তে মৃত্যুটিকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হয়েছিল। পরবর্তী সময়ে তাঁর মৃত্যুকে হত্যা দাবি করে আইনি প্রক্রিয়া শুরু হয়।

দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২০২৫ সালের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তাঁর ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম রমনা থানায় হত্যা মামলা করেন। মামলায় সালমান শাহর স্ত্রী সামিরা হকসহ ১১ জনকে আসামি করা হয়।

মামলার অন্য আসামিরা হলেন সামিরা হকের মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, আশরাফুল হক ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ওরফে ফরহাদ।

সিআইডি বর্তমানে মামলাটি তদন্ত করছে। তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা সর্বশেষ ৩০ আগস্ট নির্ধারণ করা হয়েছে।