অযথা ব্যয়বহুল মেগা প্রকল্প হাতে নিয়ে জনগণের অর্থ অপচয় করতে চায় না সরকার এমন অবস্থান স্পষ্ট করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, কোনো প্রকল্পের কার্যকারিতা শুধু কাগজে-কলমে নয়, বাস্তবেও মানুষের কাজে আসতে হবে।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে’ বিষয়ক এক কর্মশালায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, অতীতে অনেক বড় প্রকল্প যথাযথ বিশ্লেষণ ছাড়াই নেওয়া হয়েছিল, যার ফলে জনগণের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত হয়নি। বর্তমান সরকার সে পথ থেকে সরে এসে বাস্তবসম্মত পরিকল্পনা ও প্রয়োজনীয়তা যাচাইয়ের ভিত্তিতে প্রকল্প গ্রহণ করতে চায়।

তিনি আরও বলেন, কোনো প্রকল্পের সম্ভাব্য লাভ শুধু তাত্ত্বিকভাবে তুলে ধরলেই হবে না—এটি বাস্তবে সাধারণ মানুষের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলছে কি না, সেটিই হবে মূল বিবেচনা। জনগণের করের অর্থ সঠিকভাবে ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেন, বড় প্রকল্প মানেই দুর্নীতি—এমন একটি নেতিবাচক ধারণা সমাজে তৈরি হয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে এই ধারণা বদলাতে হবে। সংশ্লিষ্ট সবাইকে তিনি দায়িত্বশীল ও সততার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

প্রস্তাবিত ‘ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে’ প্রকল্প বাস্তবায়িত হলে সাভার, কেরানীগঞ্জ, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও বন্দর এলাকার মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। প্রায় ৩৬ হাজার কোটি টাকা ব্যয়ে পরিকল্পিত এই প্রকল্পটি ঢাকার যানজট কমাতে এবং আশপাশের অঞ্চলের সঙ্গে সংযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।