আজ শুক্রবার মহান মে দিবস। প্রতিবছর মে মাসের প্রথম দিন আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয় বিশ্ব জুড়ে। বিশ্বের সকল শ্রমজীবী মানুষের অধিকার ও সম্মানের এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হবে যথাযথ মর্যাদায়। দিবসটি উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল শ্রমজীবী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বাণী দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ও শ্রমিক সংগঠন দিবসটি যথাযথ কর্মসূচীর মাধ্যমে উদযাপনের উদ্যোগ নিয়েছে। আজ সরকারি ছুটির দিন।
এমন এক সময়ে শ্রমিক দিবস পালিত হচ্ছে; যখন দেশে শ্রমিকদের জীবনের নিরাপত্তা নেই। নেই কর্মসংস্থানের প্রত্যাশা। পড়াশোনা শেষ করেও লাখ লাখ মানুষ বেকারত্বের গ্লানি টানলেও সেরকম কোন উদ্যোগ নেই রাষ্ট্রের। কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে পারছে না রাষ্ট্র। উচ্চ শিক্ষিত হয়েও লাখ লাখ যুবক বেকারত্বের গানি নিয়ে অনিশ্চয়তায় হতাশা নিয়ে দিনাতিপাত করছে। নানাভাবে তাদের আশার কথা বলা হলেও কাক্সিক্ষত ফল পাচ্ছে না বাংলাদেশের যুবকরা।
২০২৪ সহ দেশের বিভিন্ন আন্দোলন এবং বিপ্লব কিংবা অভ্যুত্থানের সময় শ্রমিকরা জীবন দেওয়া থেকে শুরু করে সর্বোচ্চ ত্যাগ কুরবানি করলেও তাদের জীবনমান উন্নয়নে সরকারের পক্ষ থেকে তেমন কোন উদ্যোগ পরিলক্ষিত হয়নি। তাদের ন্যায্য মজুরি নিয়ে কর্তৃপক্ষ সবসময় অনীহা দেখায়। এর জন্য যেমন কোন প্রতিকার নেই তেমনি অধিকার আদায়ের জন্য শ্রমিক সংগঠনগুলোর তৎপরতা দেখা যায় না। দেখা যায় শ্রমিকদের অধিকার আদায়ের নামে নিজেদের আখের গোছাতে। এতগুলো আন্দোলন বিপ্লবের পরও শ্রমিকবান্ধব পরিবেশ সৃষ্টি হয়নি দেশের কর্মক্ষেত্রগুলোতে।
শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে ১৮৮৬ সালে শিকাগোর হে মার্কেটের শ্রমিকদের আত্মত্যাগকে স্মরণ করে প্রতি বছর এই দিনে বিশ্বব্যাপী ছুটি ও নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়। দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবিতে ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকরা আন্দোলন করেছিলেন, যা পরবর্তীতে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। শ্রমিকের ন্যায্য মজুরি, কর্মঘণ্টা নির্ধারণ এবং শ্রমের মর্যাদা প্রতিষ্ঠার প্রতীক এই দিবস।
মহান মে দিবস উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে শ্রমিক সমাবেশ, শোভাযাত্রা, আলোচনা সভা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মহান মে দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পত্রিকাসমূহ বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বেসরকারি টিভি চ্যানেলগুলো দিনটি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ও টকশো সম্প্রচার করবে।
মহান মে দিবস উপলক্ষে আজ শ্রমিক সমাবেশ ও র্যালি করবে বিএনপি। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে রাজধানীতে প্রথম জনসভায় বক্তব্য রাখবেন বলে জানানো হয়েছে দলের পক্ষ থেকে। মে দিবসকে সামনে রেখে শ্রমিক দলের পক্ষ থেকে ব্যানার ফেস্টুন করা হয়েছে। এছাড়াও শ্রমিক সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ জাতীয় নেতা এবং শ্রমিক নেতারা বক্তব্য রাখবেন বলেও জানান তিনি।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও মহান মে দিবস যথাযথ মর্যাদায় পালনের আহ্বান জানানো হয়েছে। মহান মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ করবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আজ বিকাল ৩টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেইটে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন-এর উদ্যোগে বিশাল ‘শ্রমিক সমাবেশ’ অনুষ্ঠিত হবে। সমাবেশে মহান জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এড. আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এ সমাবেশে বিশেষ অতিথি থাকবেন ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আনম শামসুল ইসলাম-সাবেক এমপি, বাংলাাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য নূরুল ইসলাম বুলবুল এমপি, মো. সেলিম উদ্দিন এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।