পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেয়া এক যৌথ শুভেচ্ছা বার্তায় ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আ.ন.ম শামসুল ইসলাম এবং সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান বলেন, ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ, সংযম ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উৎসব। এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের মাঝে নিয়ে আসে আত্মশুদ্ধি, সহমর্মিতা ও পারস্পরিক ভালোবাসার বার্তা। আমরা এই পবিত্র দিনে দেশের সকল শ্রমজীবী মানুষসহ সর্বস্তরের দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।

গতকাল বুধবার দেয়া বিবৃতিতে তারা বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও উন্নয়নের পেছনে শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম। শিল্প-কারখানা, কৃষি, নির্মাণসহ প্রতিটি খাতে তাদের অক্লান্ত পরিশ্রম দেশের উন্নয়নের ভিত্তি রচনা করেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এখনো অনেক শ্রমিক তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তাদের জীবনমান উন্নয়ন, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং ন্যায্য মজুরি প্রতিষ্ঠা আজ সময়ের দাবি।

নেতৃদ্বয় আরও বলেন, ঈদের এই আনন্দঘন মুহূর্ত আমাদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। ধনী-গরিব, মালিক-শ্রমিক নির্বিশেষে সবাই যেন ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে, সেই পরিবেশ গড়ে তুলতে হবে। বিশেষ করে অসহায় ও সুবিধাবঞ্চিত শ্রমজীবী মানুষের মুখে হাসি ফোটাতে সমাজের বিত্তবান শ্রেণিকে এগিয়ে আসার আহ্বান জানাই।

বার্তায় তারা আরও উল্লেখ করেন, শ্রমিকদের কল্যাণ নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক সমাজ গঠনে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শ্রমিক কল্যাণ ফেডারেশন সবসময় শ্রমজীবী মানুষের পাশে থেকে তাদের ন্যায্য দাবি আদায়ে কাজ করে যাবে।

নেতৃদ্বয় আশা প্রকাশ করেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহসহ সমগ্র বিশ্ববাসীর জন্য শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি বয়ে আনবে। সমাজ থেকে বৈষম্য, শোষণ ও অন্যায় দূর হয়ে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে। এই প্রত্যাশা ব্যক্ত করছি। পরিশেষে আল্লাহ তায়ালা পবিত্র রমজান ও ঈদুল ফিতরের বরকতে আমাদের সকলের গুনাহ মাফ করে দিন এবং আমাদেরকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন।