সংক্রামক রোগ হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও তিনজন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ২৩৬ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯৯ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০০ জন এবং হামের উপসর্গে ৮৯৯ জন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ১৫৭ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭৯ জনের। হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ২৩৬ জন আক্রান্ত হয়েছে।
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৪৬ হাজার ৩৫৯ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ১ লাখ ৪০ হাজার ৮৫০ জন হাসপাতাল ছেড়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ পাওয়া গেছে ১ লাখ ৬৬ হাজার ৪৬১ শিশুর শরীরে। এই সময়ের মধ্যে হাম শনাক্ত হয়েছে ১৯ হাজার ৮৩৫ শিশুর।