জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে অর্থনীতি বিভাগকে ৪ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে দর্শন বিভাগ। শনিবার (৩ মে) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলায় টসে জিতে অর্থনীতি বিভাগ দর্শন বিভাগকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায়। নির্ধারিত ২০ ওভারে দর্শন বিভাগ ১০ উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করে। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে অর্থনীতি বিভাগ ১৯.৪ ওভারে ১১৯ রানে অলআউট হয়ে যায়। ফলে ৪ রানের রোমাঞ্চকর জয় নিয়ে শিরোপা ঘরে তোলে দর্শন বিভাগ।

খেলা শেষে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান।
প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. সোহেল রানা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় আরও উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলম, দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মুনির হোসেন তালুকদার, অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম, অধ্যাপক মোহাম্মদ উল্লাহ, জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু, শারীরিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত পরিচালক বেগম নাছরীনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও নেতৃবৃন্দ।