জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)-এর উদ্যোগে শিক্ষার্থীদের গবেষণামুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত রিসার্চ কোর্সের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত উদ্বোধনী ক্লাসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান। এছাড়াও উপস্থিত ছিলেন জাকসুর শিক্ষা সম্পাদক আবু ওবাইদা ওসামা, সাহিত্য সম্পাদক জাহিদুল ইসলাম বাপ্পিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ।

এসময় উপাচার্য কামরুল আহসান বলেন, “গবেষণার মাধ্যমে একজন শিক্ষার্থী শুধু জ্ঞান অর্জন করে না, বরং নতুন জ্ঞান সৃষ্টির সক্ষমতাও অর্জন করে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে গবেষণার আগ্রহ ও দক্ষতা বাড়াতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাকসুর উদ্যোগে আয়োজিত এই রিসার্চ কোর্স শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। শিক্ষার্থীরা এ সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের গবেষণামুখী দক্ষতা আরও সমৃদ্ধ করবে।”
কোর্সটি পরিচালনা করছে Skilltori (স্কিলটোরি)। এটি বাংলাদেশের একটি আধুনিক অনলাইন রিসার্চ ও স্কিল লার্নিং প্ল্যাটফর্ম। শিক্ষার্থী, চাকরিপ্রার্থী ও গবেষকদের বিভিন্ন পেশাদার এবং একাডেমিক দক্ষতা অর্জনে সহায়তা করাই প্ল্যাটফর্মটির মূল লক্ষ্য।
উদ্বোধনী ক্লাসে গবেষণার বিভিন্ন মৌলিক বিষয় ও প্রয়োজনীয় দক্ষতা নিয়ে আলোচনা করা হয়। গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য কোর্সটিতে গবেষণা পদ্ধতি, একাডেমিক লেখালেখি, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণসহ বিভিন্ন বিষয়ে শেখার সুযোগ থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
উদ্বোধনী ক্লাসে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি ও আগ্রহকে জাকসুর এই উদ্যোগের প্রতি তাদের আগ্রহের প্রতিফলন হিসেবে দেখছেন আয়োজকরা।
জাকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক আবু উবাইদা ওসামা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণায় আরও দক্ষ করে তোলা এবং তাদের একাডেমিক ও পেশাগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের প্রয়োজন ও আগ্রহ বিবেচনায় নিয়ে বিভিন্ন দক্ষতাভিত্তিক কার্যক্রম আয়োজনের পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, শিক্ষা ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বৃদ্ধিতে জাপানি ভাষা ও স্পোকেন ইংলিশ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে জাকসু। গ্লোবাল আইটি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইন্সটিটিউট লিমিটেডের সহযোগিতায় পরিচালিত এসব প্রশিক্ষণে শিক্ষার্থীদের জাপানি ও ইংরেজি ভাষার মৌলিক ও ব্যবহারিক দক্ষতা অর্জনের পাশাপাশি উচ্চশিক্ষা, স্কলারশিপ, আন্তর্জাতিক যোগাযোগ ও কর্মসংস্থানের সম্ভাবনা সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে। এছাড়া শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এর আগে কম্পিউটার বেসিক ও অ্যাডভান্সড ট্রেনিং কোর্সেরও আয়োজন করেছে জাকসু।