জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও সময়োপযোগী করতে ‘লাইভ বাস ট্র্যাকিং সিস্টেম’ চালু করেছে শাখা ছাত্রদল। বৃহস্পতিবার (৭ মে) বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্ত্বর সংলগ্ন রাস্তায় উপাচার্য অধ্যাপক কামরুল আহসান এ সিস্টেমের উদ্বোধন করেন।
এসময় উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, “শিক্ষার্থীদের যাতায়াতজনিত ভোগান্তি কমাতে এ ধরনের প্রযুক্তিনির্ভর উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। মূলত এ ধরনের সেবা নিশ্চিত করার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের হলেও শিক্ষার্থীদের স্বার্থে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল যে উদ্যোগ নিয়েছে, তা অবশ্যই প্রশংসনীয়। আমি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।"
বাবর বলেন, “পরীক্ষামূলকভাবে বিশ্ববিদ্যালয়ের দুটি বাসে এই প্রযুক্তি চালু করা হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে সব বাসে এটি যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এ ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীরা মোবাইল ফোন ব্যবহার করে তাৎক্ষণিকভাবে বাসের অবস্থান জানতে পারবেন। পাশাপাশি বাস নির্দিষ্ট স্টপেজে কখন পৌঁছাবে এবং কোনো কারণে বিলম্ব হলে সে সম্পর্কেও নোটিফিকেশন পাওয়া যাবে। এর ফলে শিক্ষার্থীদের সময় ব্যবস্থাপনা আরও সহজ হবে এবং যাতায়াত ব্যবস্থা স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ হবে বলে আমরা আশা করছি।”
শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক বলেন, “দীর্ঘদিন ধরে ক্যাম্পাসের শিক্ষার্থীরা পরিবহন ব্যবস্থার অনিশ্চয়তার কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বাস কখন কোথায় অবস্থান করছে—এমন মৌলিক তথ্যের অভাবে শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে এবং ক্লাসসহ বিভিন্ন একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল অতীতের মতোই শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে কাজ করে যাবে। একটি আধুনিক, শিক্ষার্থী-বান্ধব, সুশৃঙ্খল ও কার্যকর ক্যাম্পাস গড়ে তুলতে ছাত্রদল সবসময় অঙ্গীকারবদ্ধ এবং এ লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় সব উদ্যোগ নিতে প্রস্তুত।"
শিক্ষাঙ্গন
জাবিতে 'লাইভ বাস ট্র্যাকিং সিস্টেমে'র উদ্ভোদন, শিক্ষার্থীরা পাবে যেসব সুবিধা