জাবি সংবাদদাতা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় ছয়দিন পেরিয়ে গেলেও অভিযুক্তকে গ্রেপ্তার করতে না পারার প্রতিবাদে বিক্ষোভ-মিছিল ও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)।
গতকাল সোমবার বিকেল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকা থেকে বিক্ষোভ-মিছিলটি শুরু হয়ে প্রধান ফটকে গিয়ে শেষ হয়। পরে শিক্ষার্থীরা প্রায় ১৫ মিনিট ধরে ঢাকা-আরিচা মহাসড়কের দুই লেন অবরোধ করে সমাবেশ করেন।
এসময় জাকসুর সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম বলেন, শিক্ষার্থীকে নিপীড়ন ও ধর্ষণচেষ্টার ঘটনার ১৫০ ঘণ্টা পার হলেও এখনো পর্যন্ত আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অথচ আসামির স্পষ্ট সিসিটিভি ফুটেজ ও ছবি রয়েছে। পুলিশ প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ আইনশৃঙ্খলা বাহিনী পর্যন্ত বিষয়টি জানলেও তারা কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। এটি আইনশৃঙ্খলা বাহিনী ও রাষ্ট্রীয় ব্যবস্থার সুস্পষ্ট ব্যর্থতা।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনও ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। পাশাপাশি আসামিকে গ্রেপ্তারে ঊর্ধ্বতন মহলে চাপ প্রয়োগ করতেও তারা কার্যকর ভূমিকা রাখতে পারেনি। একইসঙ্গে বিচারপ্রক্রিয়া ও চলমান আন্দোলন বাধাগ্রস্ত করতে ক্যাম্পাসের কিছু শিক্ষক সিন্ডিকেট ও স্বার্থান্বেষী মহল সাংবাদিক, সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর আক্রমণাত্মক আচরণ করছে, যা অত্যন্ত নিন্দনীয়।
সমাবেশে জাকসুর সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু বলেন, জাবি শিক্ষার্থীর ওপর সংঘটিত ধর্ষণচেষ্টার মতো ন্যক্কারজনক ঘটনার প্রায় দেড়শ ঘণ্টা পার হলেও রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী এখনো নীরব ভূমিকা পালন করছে। আমরা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে স্পষ্টভাবে হুঁশিয়ারি দিচ্ছিÑঅবিলম্বে অপরাধীকে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।