বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বোর্ড অব গভর্নরসের (বিওজি) ২০১তম (বিশেষ) সভায় ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত পরিচালন ও উন্নয়ন বাজেট এবং ২০২৬-২০২৭ অর্থবছরের মূল পরিচালন ও উন্নয়ন বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে। ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সভাপতিত্বে ঢাকাস্থ ভিসির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় শিক্ষা সচিব আব্দুল খালেক, তথ্য সচিব মাহবুবা ফারজানা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক মো. লুৎফর রহমান, বাউবির প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খানসহ বোর্ড অব গভর্নরসের সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে অর্থ কমিটির ১৫৯তম সভায় উপাচার্য ট্রেজারারের অতিরিক্ত দায়িত্বে বাজেট উপস্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে বিওজিতে অনুমোদনের জন্য সুপারিশ করা হয়। অনুমোদিত বাজেট অনুযায়ী ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত পরিচালন বাজেট ২৬ হাজার ২৮০ দশমিক ৩৮ লাখ টাকা ও উন্নয়ন বাজেট ১৫৯ দশমিক ৭৬ লাখ টাকা। এছাড়া ২০২৬-২০২৭ অর্থবছরের মূল পরিচালন বাজেট ৩২ হাজার ৫৬৯ দশমিক ৫০ লাখ টাকা এবং উন্নয়ন বাজেট ৩ হাজার ৫০০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজেট বক্তৃতায় ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, বাউবিকে কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক ডিজিটাল প্রযুক্তিনির্ভর স্মার্ট, গবেষণামুখী বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্য সামনে রেখেই এ বাজেট প্রণয়ন করা হয়েছে। তিনি জানান, কারিগরি শিক্ষার প্রসারে ‘আইটিভেট’ প্রতিষ্ঠাসহ প্রযুক্তিনির্ভর শিক্ষা, গবেষণা, অবকাঠামো উন্নয়ন এবং বিশ্বমানের ডিজিটাল শিক্ষাসেবা সম্প্রসারণে এ বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় নতুন গতি সঞ্চার হবে এবং শিক্ষার্থীদের দোরগোড়ায় আরও আধুনিক ও মানসম্মত শিক্ষা পৌঁছে দেওয়া সম্ভব হবে।