জাবি সংবাদদাতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিবৃত্তিক চর্চার প্লাটফর্ম ‘পাঠশালা’র উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে টেবিল-টক পাঠচক্র-২। বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই পাঠচক্রে আলোচনার বিষয় ছিল ‘লস্ট ইসলামিক হিস্ট্রি’ গ্রন্থ।

গত শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে সঞ্চালনা করেন জাকসুর কার্যকরী সদস্য নাবিলা বিনতে হারুন।

পাঠচক্রে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গবেষক, লেখক এবং ফাতিহা ইন্সটিটিউটের ফিমেল উইং-এর উইং চিফ ড. সাজেদা হোমায়রা। তিনি ‘লস্ট ইসলামিক হিস্ট্রি’ বইয়ের নির্ধারিত অংশ নিয়ে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন এবং ইসলামি ইতিহাসের গুরুত্বপূর্ণ নানা দিক তুলে ধরেন। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন পাঠশালার অন্যতম পৃষ্ঠপোষক ও জাকসুর জিএস মাজহারুল ইসলাম।

আয়োজক সূত্রে জানা যায়, এই পাঠচক্রটি শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত ছিল এবং সীমিত আসনে ২০ জন শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পান। নিবন্ধিত অংশগ্রহণকারীদের জন্য পূর্বনির্ধারিত এসাইনমেন্ট হিসেবে বইয়ের নির্দিষ্ট অংশ পাঠ এবং তার শিখনফল সংক্ষেপে উপস্থাপনের নির্দেশনা ছিল।

পাঠচক্রের ফিডব্যাক সেশনে অংশগ্রহণকারীদের উপস্থাপনার ভিত্তিতে সেরা তিনজনকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। এছাড়া সকল অংশগ্রহণকারীর জন্য ছিল আকর্ষণীয় উপহার।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানভিত্তিক আলোচনা, পাঠাভ্যাস এবং বুদ্ধিবৃত্তিক চর্চা সম্প্রসারণের লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও আগ্রহ ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন আয়োজনের সম্ভাবনা তৈরি করেছে।