জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের একাডেমিক দক্ষতা বৃদ্ধি ও গবেষণাভিত্তিক জ্ঞানচর্চার প্রসারে একটি দিনব্যাপী সমন্বিত একাডেমিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার (২৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনের সিনেট হলে ‘গবেষণা প্রবন্ধ অনুধাবন: একাডেমিক গবেষণার মৌলিক ধারণা’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ।

এই আয়োজনে কারিগরি সহযোগিতায় ছিল গবেষণা সংস্থা ‘রিসার্চ অ্যান্ড ইন্টিগ্রেটেড থটস (আরআইটি)’ । সকাল ৯টা ৩০ মিনিট থেকে শুরু হওয়া এই সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন । দিনব্যাপী এই আয়োজনে গবেষণার মৌলিক ধারণা, প্রবন্ধ রচনা, পদ্ধতি নির্বাচন, তথ্য বিশ্লেষণ এবং উপস্থাপনা কৌশলের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো সুসংগঠিতভাবে আলোচনা করা হয় ।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান । তিনি তার বক্তব্যে বলেন, “গবেষণা কেবল উচ্চশিক্ষার অনুষঙ্গ নয়, বরং এটি সমাজকে এগিয়ে নেওয়ার প্রধান চালিকাশক্তি” । বিশেষ অতিথির বক্তব্যে প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশেদুল ইসলাম শিক্ষার্থীদের সৃজনশীল ও বিশ্লেষণী প্রজন্ম হিসেবে গড়ে তুলতে গবেষণার প্রয়োজনীয়তা তুলে ধরেন ।

এছাড়া আরআইটি-এর এক্সিকিউটিভ ডিরেক্টর ড. একরাম উদ্দিন সুমন এবং জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । মাজহারুল ইসলাম শিক্ষার্থীদের জন্য ভবিষ্যতে নিয়মিত এ ধরনের কর্মসূচি আয়োজনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন ।

অনুষ্ঠান শেষে নিবন্ধিত অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয় । ভবিষ্যতে গবেষণার মানোন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে আয়োজক সূত্রে জানানো হয়েছে ।