যুক্তরাজ্যভিত্তিক বিশ্বখ্যাত শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৬-এ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) এশিয়ার মধ্যে ৪০১-৫০০তম অবস্থান অর্জন করে আবারও দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছে। একই সঙ্গে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যেও তৃতীয় স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে নিজেদের শক্ত অবস্থান নিশ্চিত করেছে। প্রকাশিত র্যাঙ্কিং অনুযায়ী, বাংলাদেশ থেকে মোট ২৮টি বিশ্ববিদ্যালয় তালিকাভুক্ত হয়েছে। শিক্ষা, গবেষণার পরিবেশ, গবেষণার গুণগত মান, শিল্প-সম্পৃক্ততা ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি-এই পাঁচ সূচকে মূল্যায়নের ভিত্তিতে গাকৃবি গবেষণার গুণগত মানে ৬৭ স্কোর অর্জন করে বিশেষ সাফল্য দেখিয়েছে। ধারাবাহিকভাবে আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে গাকৃবির এই অগ্রযাত্রা পূর্বের সাফল্যেরই ধারাবাহিকতা। এর আগে টিএইচই এশিয়া র্যাঙ্কিং ২০২৫-এও কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষে ছিল প্রতিষ্ঠানটি এবং কিউএস সাসটেইনেবিলিটি র্যাঙ্কিং ২০২৬-এ দেশের কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করে টেকসই উন্নয়নেও নেতৃত্ব দেয়। পাশাপাশি টিএইচই ও অন্যান্য বৈশ্বিক সূচকেও গাকৃবি দেশের শীর্ষস্থান ধরে রেখেছে। এ সাফল্যে সন্তুষ্টি প্রকাশ করে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে এই অর্জন বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি।
ভবিষ্যতে বিশ্বসেরা ১০০-২০০ বিশ্ববিদ্যালয়ের কাতারে পৌঁছাতে গাকৃবি বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে এবং গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে দেশের অগ্রযাত্রায় আরও ভূমিকা রাখবে।