ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এর সম্পাদনায় প্রকাশিত শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ স্মারকগ্রন্থ ‘অধ্যাপক মুনীর চৌধুরীরর বুদ্ধিবৃত্তিক উত্তরাধিকার’ -এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় ডাকসুর সভাকক্ষে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এবং স্মারকগ্রন্থ ‘অধ্যাপক মুনীর চৌধুরীরর বুদ্ধিবৃত্তিক উত্তরাধিকার’ -এর সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। সহ-সম্পাদক হিসেবে কাজ করেছেন সাবিকুন্নাহার তামান্না, আফসানা আক্তার, রিয়াদুল ইসলাম যুবা, রিজওয়ান য্যুবরান মানসূরী, সায়মুম ফেরদৌস, আসফাকউল্লাহ আসিফ এবং সুহাইল মাহদীন।
মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, শহিদ বুদ্ধিজীবী দিবস আমাদের মেধা, প্রজ্ঞা ও শ্রেষ্ঠ সন্তানদের হারানোর গভীর বেদনার দিন, একই সাথে তাঁদের আদর্শকে ধারণ করার শপথের দিন। তাঁদের অসামান্য আত্মত্যাগকে সম্মান জানিয়ে আমরা একটি মুক্ত, স্বাধীন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার করি। তাদেরই একজন শহিদ অধ্যাপক মুনীর চৌধুরী। তিনি কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরব নন, তিনি মুক্তচিন্তা ও প্রগতির আলোকবর্তিকা হিসেবে আমাদের বুদ্ধিবৃত্তিক পথ দেখিয়েছেন। তাঁর চেতনাকে ধারন করে ডাকসুর উদ্যোগে প্রকাশিত এ স্মারকগ্রন্থ নতুন প্রজন্মকে সত্য ও ন্যায়বোধে উজ্জীবিত করবে। ডাকসু সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার পাশাপাশি শিক্ষা ও গবেষণার মুক্ত পরিবেশ গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ।
তিনি বলেন, বাজেটের সীমাবদ্ধতা সত্ত্বেও নানা উপায়ে প্রয়োজনীয় অর্থ সংস্থান করে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আমাদের ৪টি গ্রন্থ প্রকাশিত হয়েছে এবং আরও প্রায় ২০টি বই প্রকাশের জন্য প্রস্তুত রয়েছে, যা পর্যায়ক্রমে প্রকাশ করা হবে। আসুন, শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগকে সম্বল করে আমরা একটি ইনসাফভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠনে একসাথে কাজ করি।
রিয়াদুল ইসলাম যুবার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাকসুর আন্তর্জাতিক সম্পাদক জসিম উদ্দিন (খান জসিম), ডাকসুর কার্যনির্বাহী সদস্য শাহীনুর রহমান, শহিদুল্লাহ হল সংসদের জিএস তৌকির হাসান, জসিমউদদীন হল সংসদের এজিএস হিজবুল্লাহ হিজুলসহ ডাকসু, হল সংসদ ও ঢাবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।