গাজীপুর মহানগরীর সালনা এলাকা থেকে পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে মাইদুল ইসলাম মামুন (২১) নামে এক যুবককে আটক করেছে র‍্যাব-১।

মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে সদর থানাধীন সালনা টেকিবাড়ি ২০ নম্বর ওয়ার্ডের জনৈক আলকাসের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মাইদুল ইসলাম মামুন রংপুরের কাউনিয়া থানার আজিজুর রহমানের ছেলে।

সিপিএসসি, গাজীপুর র‍্যাব-১-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (অপারেশনস ও মিডিয়া অফিসার) শাহ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভুয়া পুলিশ পরিচয়দানকারী মাইদুলকে আটক করা হয়।

র‍্যাব জানায়, তার কাছ থেকে ছবি সংবলিত একটি ভুয়া পুলিশ আইডি কার্ড, ব্যাটারিচালিত একটি ওয়াকিটকি, একটি রিফ্লেকটিভ ভেস্ট, দুটি ধাতব পুলিশ র‍্যাংক ব্যাজ, একটি নীল রঙের লেজার লাইট, এক জোড়া কালো অক্সফোর্ড জুতা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

আটক মাইদুলের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।