খুলনায় পূর্ব শত্রুতার জেরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তেরখাদা এলাকার বাসিন্দা ইকরাম শেখের ছেলে নুর আলম (৫৬) নিহত এবং অন্তত চার পাঁচ জন আহত হয়েছেন। শনিবার (২৫ এপ্রিল) সকালে জেলার তেরখাদা উপজেলার ৬ নং মধুপুর ইউনিয়নের মধুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধান কাটাকে কেন্দ্র করে বিএনপি নেতা শহিদুল গ্রুপ ও বিএনপি নেতা সাইফুল গ্রুপের মধ্যে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষের মধ্যে ব্যাপক মারামারি হয়। সংঘর্ষে সাইফুল গ্রুপের নুর আলম (৫৬) নিহত হন। এছাড়া আহতদের মধ্যে রয়েছেন, মো. হিজমুল্লাহ সোহেল রানা (৪০), নূরের শেখ (৫৫), মুসা শেখ, মফিজুর রহমান (৪৫) ও আলী হুসাইন। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ইউনিটের ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
তেরখাদা থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম জনান, সকাল ৭ টার দিকে মধুপুর ইউনিয়নের বাসিন্দা আমজাদের বাড়ির সামনে একটি জমির ধান কাটাকে কেন্দ্র করে স্থানীয় শহীদুল ও সাইফুল মোড়লের মধ্যে সংঘর্ষ বাঁধে। ওই সংঘর্ষে ৫ জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দুপুরের দিকে আহত নুর আলমের মৃত্যু হয়। তিনি আরও বলেন, শহীদুল ও সাইফুল মোড়লের মধ্যকার সংঘর্ষ দীর্ঘ দিনের। তারা উভয়ই বিএনপি’র রাজনীতির সাথে জাড়িত। ঘটনা যারা ঘটিয়েছে তাদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে।
খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম জানান, শহিদুল ও সাইফুল গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।