রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক প্রবাসীর বাড়িতে দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা ও অন্যান্য মালামাল লুট করে নিয়েছে। শনিবার গভীর রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের দড়িকান্দি এলাকায় লন্ডন প্রবাসী হাফিজুর রহমান হিরনের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার জানায়,শুক্রবার দিন লন্ডন থেকে থেকে দেশে ফেরার মাত্র এক দিনের মাথায় ডাকাতির কবলে পড়েন এই প্রবাসী। ১২ থেকে ১৫ জনের একদল ডাকাত ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র প্রদর্শন করে আতঙ্ক সৃষ্টি করে। এক পর্যায়ে হাফিজুর রহমানকে হাত-পা বেঁধে ফেলে। এ সময় ঘরে থাকা নগদ ২৭ লাখ টাকা , বিদেশি মুদ্রাসহ ঘরে থাকা মূল্যবান কাপড়-চোপড় ও অন্যান্য মালামাল লুট করে নেয়।
প্রবাস ফেরত হাফিজুর রহমান বলেন, গভীর রাতে একদল ডাকাত জানালার গ্রিল কেটে আমার ঘরে প্রবেশ করে। এ সময় অস্ত্রের মুখে জিম্মি করে আমার হাত পা বেঁধে ফেলে। পরে ঘরে থাকা নগদ ২৭ লাখ টাকা , বিদেশি মুদ্রাসহ ঘরে থাকা মূল্যবান কাপড়-চোপড় ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে জেলা সহকারি পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে পরবর্তী আইডি প্রক্রিয়া চলমান রয়েছে।