খুলনা জেলার রূপসা উপজেলার আইসগাতী ইউনিয়নের দুজনীমহল গ্রামে জয় ঢালী (২৭) নামের এক যুবককে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এর আগে ১১ আগস্ট মধ্য রাতে রূপসা উপজেলার শ্রীরামপুরে ইটভাটায় যুবদল নেতা ফরহাদ হোসেনের ছোট ভাই ফখরুল শেখকে (৩২) গুলি করে হত্যা করা হয়।
এদিকে এ হত্যাকান্ডের ঘটনার পর দুজনীমহলের শহীদের মোড় এলাকা এবং আব্দুলের মোড়ের সকল দোকানপাট বন্ধ হয়ে যায় এবং এলাকার জনশূন্য হয়ে পড়ে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনায় প্রেরণ করে ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যা থেকে জয় ঢালী দুর্জনীমহলের শহিদের মোড়ে লিটুর দোকানে আড্ডা দিচ্ছিল। রাত সোয়া ৯টার দিকে কয়েকজন যুবক মোটরসাইকেলযোগে এসে তার সাথে কথা বলতে থাকে। এর কিছুক্ষণ পর ওই যুবকদের মধ্যে দুইজন ধারালো অস্ত্র দিয়ে তার বাম পায়ে আঘাত করে। আঘাতে যুবক মাটিতে পড়ে গেলে তাকে গলাকেটে হত্যা করা হয়। এরপর তারা ঘটনাস্থল ত্যাগ করে। এদিকে ঘটনার পরপর দুজনীমহলের শহীদের মোড় এলাকা এবং আব্দুলের মোড়ের সকল দোকানপাট বন্ধ হয়ে যায় এবং এলাকার জনশূন্য হয়ে পড়ে।
রূপসা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুস সবুর জানান, কে বা কারা উক্ত ব্যক্তিকে বেধড়কভাবে কুপিয়ে জখম করার পর অতিরিক্ত রক্তক্ষরণে সে মারা গেছে। এ ব্যাপারে দোষী ব্যক্তিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে অফিসার ইনচার্জ জানান।
এ ব্যাপারে খুলনার জেলার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, নিহত যুবক খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর দবি কোম্পানী’র সদস্য ছিল। তার নামে রূপসা থানায় মারামারিসহ ৭টি মামলা রয়েছে। অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরেই বি কোম্পানীর সদস্যরা তাকে গলাকেটে ও কুপিয়ে হত্যা করেছে। হত্যার নেপথ্য জানার চেষ্টা করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে বিভিন্নস্থানে অভিযান অব্যাহত রয়েছে।