অনলাইনে ভুয়া এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিক্রির মাধ্যমে প্রতারণার অভিযোগে এক শিক্ষার্থীকে আটক করেছে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী গতকাল ৩০ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।
মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ জানিয়েছে, পুলিশ সদর দপ্তরের সহযোগিতায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চলমান এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে একটি চক্র অনলাইনে ভুয়া প্রশ্নপত্র বিক্রি করে প্রতারণা করে আসছে। পুলিশ হেড কোয়ার্টার্সের এলআইসি শাখা বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু করে এবং রংপুর নগরীর সংশ্লিষ্ট এক প্রতারকের অবস্থান শনাক্ত করে। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে নগরীর শালবন এলাকার আরসিসিআই স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন একটি মেসে অভিযান চালায় পুলিশ। অভিযানে অভিযুক্ত শিক্ষার্থীকে তার ব্যবহৃত ডিজিটাল ডিভাইসসহ আটক করে। আটক শিক্ষার্থী আরসিসিআই স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র। তার বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা গ্রামে। শিশু আইনের বিধান অনুযায়ী ওই শিক্ষার্থীর নাম ও বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে আটক শিক্ষার্থী অনলাইনে ভুয়া প্রশ্নপত্র বিক্রির মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার বিষয়টি স্বীকার করেছে। প্রথমিকভাবে তার ব্যবহৃত স্মার্টফোনে এ সংক্রান্ত কার্যক্রমের প্রমাণ পাওয়া গেছে এবং বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্টেও সন্দেহ জনক আর্থিক লেনদেনের তথ্য মিলেছে। রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, অনলাইনে প্রতারণার অভিযোগে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়া চলমান রয়েছে।