খুলনা ব্যুরো : খুলনায় পাম্প কর্মচারী জনি গাজী (৩০) বিরুদ্ধে স্ত্রী বিথি গাজী(২৬)কে পেট্টোল ঢেলে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর দগ্ধ স্ত্রী বিথি গাজীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। মঙ্গলবার (৫ মে) জেলার ডুমুরিয়া উপজেলার মিকশিমিল গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্বামী জনি পলাতক রয়েছে। তাঁর বাবার নাম আতিয়ার গাজী।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানিয়েছে, মঙ্গলবার বেলা ১টার দিকে ডুমুরিয়ার খর্ণিয়ার একটি পেট্রোল পাম্পে কর্মরত জনি গাজী পারিবারিক বিরোধের জেরে ঘর থেকে পেট্টোল এনে স্ত্রী বিথির শরীরের ঢেলে আগুন ধরিয়ে দেয়। বিথির আত্মচিৎকার স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিভিয়ে ফেলে। পরে আগুনে দগ্ধ বিথিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, আগুনে বিথির শরীরের বেশ কিছু স্থানে দগ্ধ হয়েছে। তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

এ ব্যাপারে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আছের আলী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাদের একটি শিশু সন্তান রয়েছে। ঘটনার পর জনি পালিয়ে গেছে। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।