আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কুষ্টিয়া পৌরসভার মেয়র পদে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী অধ্যাপক সুজা উদ্দিন জোয়ার্দার গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। ​মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে কুষ্টিয়া পৌরসভার ‘বিজয় উল্লাস চত্বর’ থেকে নির্বাচনী গণসংযোগটি শুরু হয়। পরে শহরের অন্যতম প্রধান ও ব্যস্ততম এলাকা মজমপুর রেলগেটসহ সংলগ্ন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে ঘুরে ঘুরে সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় এবং ভোট প্রার্থনা করেন তিনি।

​গণসংযোগকালে মেয়র প্রার্থী অধ্যাপক সুজা উদ্দিন জোয়ার্দার বলেন, "কুষ্টিয়া পৌরসভাকে একটি আধুনিক, বৈষম্যহীন ও নাগরিকবান্ধব হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। পৌরসভার বাসিন্দাদের নাগরিক সুবিধা নিশ্চিত করতে এবং দুর্নীতিমুক্ত স্থানীয় সরকার গঠনে আমরা কাজ করে যেতে চাই।" এ সময় তিনি পৌরসভার সার্বিক উন্নয়নে সর্বস্তরের জনগণের সমর্থন ও দোয়া কামনা করেন।

​প্রচারণায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারী মোঃ এনামুল হক, কুষ্টিয়া শহর জামায়াতের সেক্রেটারী শামীম হুসাইনসহ জেলা ও শহর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় নেতাকর্মীরা।

গণসংযোগ চলাকালে নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং নানা প্রতিশ্রুতি তুলে ধরেন।