গাজীপুরের শ্রীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণের দায়ে একটি রেস্তোরাঁকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে।
রোববার (৯ আগস্ট) বিকেলে উপজেলার মাওনা চৌরাস্তায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ নিয়াজ শিশির।
অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণের দায়ে ক্যাফে আফসার রেস্তোরাঁ চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হাউজকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় ৮০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এ ছাড়া প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার অভিযোগে মাওনা স্কয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ নিয়াজ শিশির বলেন, জনস্বাস্থ্য ও ভোক্তার নিরাপত্তা নিশ্চিত করতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্যবসা ও সেবামূলক প্রতিষ্ঠানগুলোকে সংশ্লিষ্ট আইন ও বিধিমালা মেনে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, জনস্বাস্থ্য, ভোক্তার অধিকার ও নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযান শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষকে স্বাস্থ্যবিধি মেনে চলা, প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন নিশ্চিত করা এবং আইন মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে সতর্ক করা হয়।