তালা (সাতক্ষীরা) সংবাদদাতা : ভারতের পশ্চিমবঙ্গসহ বিভিন্ন স্থানে মুসলিমদের ওপর নির্যাতন, হামলা, ঘরবাড়ি ও মসজিদে অগ্নিসংযোগ এবং হত্যার প্রতিবাদে সাতক্ষীরার তালায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সম্মিলিত ইসলামী ঐক্য পরিষদ, তালা-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। (১৫ মে) শুক্রবার নামাজ এর পর জনতা ব্যাংকের সামনে থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি তালা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় অংশগ্রহণকারীরা “বিশ্বের মুসলিম এক হও, এক হও” এবং “লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার” স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন। পরে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে মাওলানা কবিরুল ইসলাম বলেন, ভারতের পশ্চিমবঙ্গসহ বিভিন্ন এলাকায় মুসলিম সম্প্রদায়ের ওপর উগ্রবাদী হামলা ও নির্যাতন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মুসলিমদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনায় পরিকল্পিতভাবে হামলা ও অগ্নিসংযোগ করা হচ্ছে। মসজিদ ও কবরস্থানের মতো পবিত্র স্থানেও আক্রমণ চালানো হচ্ছে, যা মানবাধিকার ও ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী।

বক্তারা অবিলম্বে মুসলিমদের ওপর নির্যাতন বন্ধে ভারত সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেন।

বিক্ষোভ সমাবেশে সম্মিলিত ইসলামী ঐক্য পরিষদের নেতৃবৃন্দসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। সমাবেশ থেকে জানানো হয়, মুসলিমদের ওপর এ ধরনের নির্যাতন অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।